ঢাকা: আসন্ন নির্বাচন উপলক্ষ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বগুড়া-৬ এবং শেরপুর-৩ সংসদীয় আসনে নির্দিষ্ট সময়ের জন্য যান চলাচলে বিধিনিষেধ আরোপ করেছে নির্বাচন কমিশন।
বৃহস্পতিবার (২ এপ্রিল) ইসির উপসচিব মোহাম্মদ মনির হোসেন এমন চিঠি সড়ক বিভাগের সচিবকে পাঠিয়েছেন বলে জানাগেছে।
চিঠিতে জানানো হয়েছে যে, আগামী ৯ এপ্রিল অনুষ্ঠিতব্য উপ-নির্বাচন ও সাধারণ নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচনি এলাকায় যানবাহন চলাচলে কঠোরতা বজায় থাকবে।
বিশেষ করে, মোটরসাইকেল চলাচলের ক্ষেত্রে তিন দিনের নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ৭ এপ্রিল দিবাগত রাত ১২টা থেকে শুরু হয়ে ১০ এপ্রিল মধ্যরাত পর্যন্ত কোনো মোটরসাইকেল রাস্তায় চালানো যাবে না। ভোটগ্রহণের নির্ধারিত দিনের আগের দিন মধ্যরাত অর্থাৎ ৮ এপ্রিল রাত ১২টা থেকে ৯ এপ্রিল রাত ১২টা পর্যন্ত পিকআপ, মাইক্রোবাস, ট্রাক, ট্যাক্সি ক্যাব ও প্রাইভেটকার চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
তবে জরুরি প্রয়োজনে নিয়োজিত বিভিন্ন সেবাকে এই নিষেধাজ্ঞার আওতামুক্ত রাখা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী, সশস্ত্র বাহিনী ও প্রশাসনের গাড়ি ছাড়াও অ্যাম্বুলেন্স, ওষুধ সরবরাহকারী যান এবং সংবাদপত্রের গাড়ি চলাচলে কোনো বাধা থাকবে না।
এছাড়া দূরপাল্লার যানবাহন এবং নির্বাচন কমিশনের অনুমতিপ্রাপ্ত সাংবাদিক ও পর্যবেক্ষকদের গাড়ি যথাযথ স্টিকার প্রদর্শন সাপেক্ষে চলাচল করতে পারবে। প্রতিটি প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও তাদের নির্বাচনি এজেন্ট রিটার্নিং কর্মকর্তার অনুমোদন নিয়ে একটি করে জিপ বা মাইক্রোবাস ব্যবহার করতে পারবেন।