Thursday 02 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গণঅভ্যুত্থানে সর্বপ্রথম ইসলামী আন্দোলন পাশে দাঁড়িয়েছিল: আসিফ মাহমুদ

সিনিয়র করেসপন্ডেন্ট
২ এপ্রিল ২০২৬ ১৯:৪৩

অন্তর্বর্তী সরকারের সদ্য সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। ফাইল ছবি

ঢাকা: জুলাই গণঅভ্যুত্থানে ইসলামী আন্দোলন বাংলাদেশের সাহসী ভূমিকার কথা কৃতজ্ঞচিত্তে স্মরণ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুরে বরিশাল সদর উপজেলার চরমোনাই দরবারের বার্ষিক মাহফিলে অংশ নিয়ে তিনি বলেন, গণঅভ্যুত্থানের সেই কঠিন সময়ে প্রথম রাজনৈতিক দল হিসেবে ব্যানার নিয়ে ইসলামী আন্দোলন আমাদের পাশে দাঁড়িয়েছিল।

তিনি আরও বলেন, আজ যে তিনি জীবিত অবস্থায় সবার সামনে উপস্থিত হতে পেরেছেন, তার পেছনে ইসলামী আন্দোলনসহ যারা রাজপথে ঢাল হয়ে দাঁড়িয়েছিলেন, তাদের বড় অবদান রয়েছে। বাংলাদেশের মানুষের মুক্তির লড়াইয়ে রাজপথে দুই সংগঠনের মধ্যে যে ভ্রাতৃত্বের সম্পর্ক তৈরি হয়েছে, আগামী দিনেও তা অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

বিজ্ঞাপন

এর আগে ভোর রাতে আসিফ মাহমুদের নেতৃত্বে এনসিপির একটি প্রতিনিধি দল চরমোনাই পীরের দরবারে পৌঁছান। সেখানে চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীমের বয়ান শেষে এক ঘরোয়া বৈঠকে অংশ নেন তারা। যদিও বৈঠকের আনুষ্ঠানিক বিষয়বস্তু প্রকাশ করা হয়নি।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী এই মাহফিলে বিএনপি ও এনসিপিকে আমন্ত্রণ জানানো হলেও জামায়াতে ইসলামীকে দাওয়াত না দেওয়ায় রাজনৈতিক মহলে নতুন আলোচনার সৃষ্টি হয়েছে।

বৈঠকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সভাপতি রিফাত রশীদসহ এনসিপি ও ইসলামী আন্দোলনের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। এই সফর ও বক্তব্যের মাধ্যমে রাজনৈতিক বিশ্লেষকরা এনসিপি ও ইসলামী আন্দোলনের মধ্যে ভবিষ্যৎ এক শক্তিশালী রাজনৈতিক সমীকরণের আভাস পাচ্ছেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর