চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জে হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১২ শিশু সদর হাসপাতালে ভর্তি হয়েছে বলে জানা গেছে।
শুক্রবার (৩ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে চাঁপাইনবাবগঞ্জ সদর-৩ আসনের সংসদ সদস্য মো. নুরুল ইসলাম বুলবুল সদর হাসপাতাল পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি হামে আক্রান্ত শিশুদের চিকিৎসা পরিস্থিতি ঘুরে দেখেন এবং দায়িত্বরত চিকিৎসকদের সঙ্গে কথা বলেন এবং সংসদ সদস্য রোগীদের সঠিক চিকিৎসা নিশ্চিত করতে চিকিৎসকদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।
নুরুল ইসলাম বুলবুল বলেন, হামের প্রকোপ মোকাবিলায় দ্রুত ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং টিকাদান কার্যক্রম জোরদার করতে হবে।
চিকিৎসকরা জানিয়েছেন, সময়মতো টিকা না নেওয়ায় এ ধরনের সংক্রমণ বাড়তে পারে। এ সময় সংশ্লিষ্ট স্বাস্থ্য কর্মকর্তাদের উপস্থিতিতে হামের টিকাদান কার্যক্রম আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়।