ফরিদপুর: বৈশ্বিক পরিস্থিতিতে চলতি মৌসুমে কৃষকের পাট, ধান, ভুট্টা চাষাবাদের কথা মাথায় রেখেই সরকার নিরবচ্ছিন্ন ডিজেল এবং বিদ্যুৎ দেওয়ার লক্ষ্যে কাজ করছে। চাষিরা যাতে চাহিদামত ডিজেল ও নিরিবচ্ছিন্ন বিদু্ৎ পায় সে বিষয়ে সরকার তৎপর আছে।
শুক্রবার (৩ এপ্রিল) দুপুরে ফরিদপুর পানি উন্নয়ন বোর্ডের বিভিন্ন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।
তিনি আরও বলেন, দেশে কোনো তেলের সংকট নেই। বিগত সময়ে বিভিন্ন জেলায় তাদের পাম্পগুলোতে যে তেলের চাহিদা ছিল, এখন তার চেয়ে বেশি দেওয়া হচ্ছে। এখন বৈশ্বিক অবস্থায় যুদ্ধ চলছে তাই পৃথিবীর সব দেশেই তেলের সংকট চলছে। সব দেশে তেলের দর বৃদ্ধি পেয়েছে। এখন পর্যন্ত তাদের সরকার তেলের দাম বৃদ্ধি করেনি। সরকার তেল সরবরাহের চেষ্টা করে যাচ্ছে। তবে কিছু অসাধু ব্যবসায়ীরা বিভিন্ন কৌশলে সংকট সৃষ্টি করতে চাচ্ছে। এ বিষয়ে আমাদের সকলকে সজাগ থাকতে হবে। আমি স্থানীয় প্রশাসনকে বলবো জ্বালানি তেলের বিষয়টি নিয়মিত কঠোরভাবে মনিটরিং করতে হবে।
পানি সম্পদ প্রতিমন্ত্রী আরও বলেন, এই অঞ্চলের মানুষের সম্পদ রক্ষায় বন্যা ও ভাঙ্গন রোধে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে। নভেম্বর থেকে এপ্রিল পর্যন্ত সাধারনত নদী এলাকায় কাজ হয়ে থাকে। বর্ষা মৌসুমে কাজ না করার বিষয়ে পানি উন্নয়ন বোর্ডের প্রকৌশলীদের গবেষণা করা উচিত।
এ সময় উপস্থিত ছিলেন, ফরিদপুর-৪ আসনের এমপি শহিদুল ইসলাম বাবুল, ফরিদপুর-৩ আসনের এমপি নায়ার ইউসুফ আহমেদ, পাউবোর প্রধান প্রকৌশলী শাজাহান সিরাজ, তত্বাবধায়ক প্রকৌশলী সুলতান মাহমুদ, জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান মোল্লা, এসপি নজরুল ইসলাম, নিবার্হী প্রকৌশলী রাকিব হাসানসহ অন্যান্যরা।