Saturday 04 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রত্যাহার করা ৫ রাষ্ট্রদূতের মধ্যে ফিরেছেন শুধু ১ জন

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট
৪ এপ্রিল ২০২৬ ০৮:৩৬

বিগত অন্তর্বর্তী সরকারের আমলে পর্তুগাল, পোল্যান্ড, মেক্সিকো ও মালদ্বীপে চুক্তিভিত্তিক নিয়োগ করা বাংলাদেশের রাষ্ট্রদূত/হাইকমিশনারকে গত মাসে প্রত্যাহার করে সদর দফতর পররাষ্ট্র মন্ত্রণালয় ঢাকায় বদলি করা হয়। একই সঙ্গে যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনারকেও প্রত্যাহার করে সরকার।

কিন্তু প্রত্যাহারের সিদ্ধান্তের প্রায় এক মাস পার হলেও বেশির ভাগ রাষ্ট্রদূত ও হাইকমিশনার দেশে ফেরেননি। শুধু মেক্সিকোতে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালনকারী এম মুশফিকুল ফজল (আনসারী) সরকারের সিদ্ধান্ত মোতাবেক দেশে ফিরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে রিপোর্ট করেছেন। বাকি চার জন কবে দেশে ফিরবেন সেটা নিয়ে নানা গুঞ্জন চলছে।

বিজ্ঞাপন

তবে পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র বলছে, বাকি রাষ্ট্রদূত ও হাইকমিশনাররা শিগগিরই দেশে ফিরছেন।

গত ৮ মার্চ পর্তুগাল, পোল্যান্ড, মেক্সিকো ও মালদ্বীপে চুক্তিভিত্তিক নিয়োগে থাকা বাংলাদেশের রাষ্ট্রদূত এম মাহফুজুল হক, মো. ময়নুল ইসলাম, এম মুশফিকুল ফজল (আনসারী) এবং মো. নাজমুল ইসলামকে প্রত্যাহার করে সদর দফতর পররাষ্ট্র মন্ত্রণালয় ঢাকায় বদলি করা হয়। একই সঙ্গে যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকেও প্রত্যাহার করা হয়। এসব রাষ্ট্রদূত ও হাইকমিশনারকে অতিসত্ত্বর ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগদানের জন্য নির্দেশ দেওয়া হয়।

সরকারের সিদ্ধান্তের পরও এম মুশফিকুল ফজল (আনসারী) ছাড়া আর কেউ এখনো দেশে ফেরেননি। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা যায়, বাকি চার জন শিগগিরই দেশে ফিরবেন। সবাই বন্ধুভাবাপন্ন অন্তর্বর্তী সরকারের আমলে নিয়োগ পেয়েছেন। তাদের ফিরে না আসার কোনো কারণ নেই।

প্রসঙ্গত, ২০২৪ সালের ৫ আগস্টের পর অন্তর্বর্তী সরকারের আমলে বেশ কয়েক জন রাষ্ট্রদূতকে প্রত্যাহার করে পররাষ্ট্র মন্ত্রণালয় ঢাকায় বদলি করা হয়েছিল। কিন্তু সে সময় বেশ কয়েক জন রাষ্ট্রদূত দেশে না ফিরে বিদেশে আশ্রয় নিয়ে থেকে গিয়েছেন।

সারাবাংলা/একে/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর