ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানের সময় শুক্রবার (৪ এপ্রিল) পৃথক ঘটনায় যুক্তরাষ্ট্রের দুটি যুদ্ধবিমান ভূপাতিত হয়েছে। এসব ঘটনায় এক ক্রু সদস্য এখনও নিখোঁজ রয়েছেন এবং তাকে উদ্ধারে তল্লাশি ও উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে বলে মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন।
মার্কিন কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, একটি এফ-১৫ই যুদ্ধবিমান এবং একটি এ-১০ আক্রমণ বিমান ইরানের গোলায় ক্ষতিগ্রস্ত হয়ে বিধ্বস্ত হয়। ইরানের ভেতরে বিধ্বস্ত হওয়া এফ-১৫ই বিমানের দুই ক্রুর একজনকে উদ্ধার করা গেলেও তার শারীরিক অবস্থা সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি। অন্য ক্রু সদস্য এখনও নিখোঁজ রয়েছেন।
অন্যদিকে এ-১০ বিমানের পাইলট ক্ষতিগ্রস্ত বিমানটি কুয়েতের আকাশসীমায় নিয়ে গিয়ে প্যারাশুটের মাধ্যমে বের হয়ে আসতে সক্ষম হন। পরে তাকে নিরাপদে উদ্ধার করা হয়।
এছাড়া উদ্ধার অভিযানে অংশ নেওয়া যুক্তরাষ্ট্রের দুটি সার্চ অ্যান্ড রেসকিউ হেলিকপ্টারও ইরানি হামলার মুখে পড়ে। এতে হেলিকপ্টারে থাকা কয়েকজন মার্কিন সেনা আহত হন। তবে হেলিকপ্টার দুটি নিরাপদে ঘাঁটিতে ফিরে যেতে সক্ষম হয়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন।
মার্কিন কর্মকর্তাদের মতে, নিখোঁজ এফ-১৫ ক্রু সদস্যকে উদ্ধারের এই অভিযান চলমান যুদ্ধে এখন পর্যন্ত সবচেয়ে ঝুঁকিপূর্ণ পরিস্থিতির একটি। কারণ এতে উদ্ধারকারী দলকে সরাসরি ইরানি হামলার ঝুঁকির মধ্যে কাজ করতে হচ্ছে। যুদ্ধ শুরুর পর প্রথমবারের মতো কোনো মার্কিন ক্রুসহ যুদ্ধবিমান শত্রু ভূখণ্ডে ভূপাতিত হওয়ার ঘটনাও এটি।
এদিকে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, দেশটির পশ্চিমাঞ্চলের কিছু ব্যবসায়ী ভূপাতিত মার্কিন ক্রু সদস্যদের সন্ধান দিলে পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছেন। একই সঙ্গে স্থানীয়দের মার্কিন সেনাদের বিষয়ে সতর্ক থাকার আহ্বানও জানানো হয়েছে।
উল্লেখ্য, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের চলমান সামরিক অভিযানে এখন পর্যন্ত ১৩ জন মার্কিন সেনা নিহত হয়েছেন এবং প্রায় ৩৬৫ জন আহত হয়েছেন বলে পেন্টাগনের প্রকাশিত তথ্যে জানা গেছে।