ঢাকা: দেশের বিনিয়োগ পরিবেশের উন্নয়ন এবং শিল্প খাতের বিদ্যমান সংকট নিরসনে আজ শনিবার (৪ এপ্রিল) সকালে গুরুত্বপূর্ণ বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এই সভায় প্রথমবারের মতো দেশের শীর্ষ ব্যবসায়ী নেতাদের সঙ্গে আনুষ্ঠানিক সংলাপে মিলিত হবেন তারেক রহমান। বর্তমান সরকারের অধীনে ব্যবসায়ী মহলের সঙ্গে এটিই প্রধানমন্ত্রীর প্রথম আনুষ্ঠানিক বৈঠক, যা দেশের অর্থনীতির আগামীর গতিপথ নির্ধারণে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।
বৈঠকে মূলত দেশের সামগ্রিক বিনিয়োগ পরিস্থিতি, শিল্প খাতের স্থবিরতা এবং আমলাতান্ত্রিক জটিলতা নিরসনের মতো বিষয়গুলো প্রাধান্য পাবে। ব্যবসায়ীরা দীর্ঘদিনের নীতিগত প্রতিবন্ধকতা এবং ব্যবসায়িক কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে নানা সমস্যার কথা সরাসরি প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরার সুযোগ পাবেন। বিশেষ করে দেশের শিল্প খাতের বিকাশ এবং বৈদেশিক বিনিয়োগ আকর্ষণে সরকারের কাছ থেকে ব্যবসায়ীরা সুনির্দিষ্ট কী ধরনের সহযোগিতা আশা করছেন, সেসব বিষয়ে খোলামেলা আলোচনা হবে।
এই উচ্চপর্যায়ের বৈঠকে প্রধানমন্ত্রীর সঙ্গে আরও উপস্থিত থাকবেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী এবং বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। এ ছাড়া দেশের শীর্ষ শিল্পপতি এবং বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিরাও এতে অংশ নেবেন। সংশ্লিষ্টদের মতে, এই বৈঠকের মাধ্যমে বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করার ক্ষেত্রে সরকারের অগ্রাধিকার এবং ভবিষ্যৎ অর্থনৈতিক নীতিনির্ধারণের একটি স্পষ্ট বার্তা পাওয়া যাবে। ব্যবসায়ীরা আশা করছেন, এই আলোচনার মধ্য দিয়ে শিল্প খাতে বিদ্যমান প্রতিবন্ধকতাগুলো দূর করার একটি টেকসই সমাধান বেরিয়ে আসবে।