ঢাকা: সংবিধান সংস্কারের মাধ্যমে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটে আজ শনিবার (৪ এপ্রিল) বাদ আসর বিক্ষোভ সমাবেশ ও মিছিল করবে বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোট।
বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুরে গুলশানে ১১ দলীয় ঐক্যের লিঁয়াজো কমিটির বৈঠক শেষে এই কর্মসূচি ঘোষণা করেছিলেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও ১১দলের সমন্বয়ক সাবেক এমপি হামিদুর রহমান আযাদ।
তিনি বলেন, সরকারি দল সংসদ পরিচালনায় ব্যর্থতার পরিচয় দিয়েছে৷ বর্তমান সরকার শেখ হাসিনার মতোই ফ্যাসিবাদী পথে হাঁটছে। সংস্কারকে ধামাচাপা দিয়ে সরকার সংবিধানে শুধু সংশোধনী আনতে চায়। রাজপথের আন্দোলন ছাড়া ১১ দলের আর কোনো বিকল্প নেই।
এ বিষয়ে শুক্রবার (৩ এপ্রিল) এক সমাবেশে জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেন, জনগণের ন্যায্য অধিকার জনগণের হাতে তুলে না দেওয়া পর্যন্ত ১১ দলীয় ঐক্যের লড়াই অব্যাহত থাকবে। তবে এই আন্দোলন হবে ‘নিয়মতান্ত্রিক এবং ইস্পাত কঠিন’।
তিনি বলেন, আমরা এই বিষয়টি সংসদে সমাধান করতে চেয়েছিলাম। কিন্তু সরকারি দল আমাদেরকে রাজপথে ঠেলে দিয়েছে। এখন জনগণের কাছে যাওয়া ছাড়া আমাদের উপায় নেই।
জানতে চাইলে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী সারাবাংলাকে বলেন, নিয়মতান্ত্রিকভাবে বিরোধীদল রাজপথ ও সংসদে তাদের কর্মসূচি পালন করতে পারে। এতে কোনো সমস্যা নেই। সভা সমাবেশ করা সব দলের রাজনৈতিক অধিকার। এজন্যই আমরা ১৬ বছর আন্দোলন করেছি।
তিনি বলেন, সংসদের মেয়াদ দুই মাসও হয়নি। এখনই সবকিছু শেষ হয়ে যায়নি। সংসদে আলোচনার মাধ্যমে সবকিছু সমাধান করা যাবে।