ঢাকা: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর সাবেক নেত্রী ডা. তাসনিম জারা অভিযোগ করেছেন, সরকার এমন একটি দুর্নীতি দমন কমিশন (দুদক) গঠন করতে চায়, যার কমিশনাররা সরকারের অনুকম্পার ওপর নির্ভরশীল থাকবেন।
তার মতে, সরকারের প্রভাবাধীন কোনো প্রতিষ্ঠান কখনোই ক্ষমতাসীন দলের দুর্নীতির বিরুদ্ধে কার্যকর ভূমিকা রাখতে পারে না।
শনিবার (৪ এপ্রিল) দুপুরে নিজের ফেসবুক পোস্টে তিনি এসব মন্তব্য করেন।
ফেসবুক পোস্টে ডা. তাসনিম জারা বলেন, সরকার দুর্নীতি দমন কমিশন-সংক্রান্ত অধ্যাদেশটি বাতিল করতে উদ্যোগ নিচ্ছে, যার পেছনে দুটি প্রধান কারণ রয়েছে।
প্রথমত, ওই অধ্যাদেশে দুদককে প্রাথমিক অনুসন্ধান ছাড়াই অর্থ পাচার বা বড় ধরনের দুর্নীতির ঘটনায় সরাসরি মামলা বা এজাহার দায়েরের ক্ষমতা দেওয়া হয়েছিল, যা সরকার সংবেদনশীল হিসেবে বিবেচনা করছে।
দ্বিতীয়ত, দুদককে রাজনৈতিক প্রভাবমুক্ত রাখতে একটি বিস্তৃত ও স্বাধীন বাছাই কমিটি গঠনের প্রস্তাব ছিল। এ বিষয়ে সরকার আরও নীতিগত সিদ্ধান্ত ও পরামর্শ প্রয়োজন বলে উল্লেখ করেছে।
তাসনিম জারা বলেন, সাধারণ মানুষের একটি মোবাইল ফোন চুরি হলে সরাসরি থানায় মামলা করা সম্ভব হলেও, হাজার হাজার কোটি টাকা পাচার বা বড় দুর্নীতির ক্ষেত্রে কেন সরাসরি মামলা দায়েরকে সংবেদনশীল বলা হচ্ছে। তার মতে, প্রাথমিক অনুসন্ধানের দীর্ঘসূত্রতা অপরাধীদের প্রমাণ নষ্ট ও দেশত্যাগের সুযোগ করে দেয়।
তিনি আরও বলেন, একটি কার্যকর দুর্নীতি দমন সংস্থার জন্য রাজনৈতিক প্রভাবমুক্ত থাকা জরুরি। কিন্তু স্বাধীন বাছাই কমিটির প্রস্তাব আটকে দেওয়ার মাধ্যমে সরকার উল্টো নিয়ন্ত্রণ বজায় রাখতে চাইছে বলেই প্রতীয়মান হয়।
বিগত সময়ের অভিজ্ঞতা তুলে ধরে তিনি উল্লেখ করেন, অতীতে বিরোধী দল অভিযোগ করেছে যে, দুদক সরকারপন্থী প্রতিষ্ঠানে পরিণত হয়েছিল। সেই নেতিবাচক ভাবমূর্তি কাটাতে স্বাধীন ও শক্তিশালী কাঠামোর বিকল্প নেই বলে তিনি মত দেন।
অধ্যাদেশ বাতিল না করে বরং তা আরও শক্তিশালী করতে প্রয়োজনীয় সংশোধন আনার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, পুরোনো দুর্বল ব্যবস্থায় ফিরে যাওয়া রাষ্ট্রের জন্য কোনোভাবেই কল্যাণকর হবে না।