রাশিয়ার ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ইউক্রেনে অন্তত ১৫ জন নিহত হয়েছেন।
শুক্রবার (৩ এপ্রিল) থেকে শনিবার (৪ এপ্রিল) ভোর পর্যন্ত চলা এই হামলার মধ্যেই ইউক্রেন ইস্টার উপলক্ষ্যে সম্ভাব্য যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে। সেই সঙ্গে পালটা হামলা হিসেবে রাশিয়ার ভেতরে ড্রোন হামলাও চালিয়েছে ইউক্রেন।
ইউক্রেনীয় কর্মকর্তারা জানিয়েছেন, রাজধানী কিয়েভের আশপাশে ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে বড় ধরনের হামলা চালানো হয়েছে। তাদের অভিযোগ, বেসামরিক মানুষের দুর্ভোগ বাড়াতে রাশিয়া কৌশল পরিবর্তন করছে এবং এখন দিনের বেলাতেও হামলা বাড়াচ্ছে। একই সঙ্গে গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্যবস্তু করার প্রস্তুতিও চলছে।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ইস্টার উপলক্ষ্যে সম্ভাব্য যুদ্ধবিরতিতে কিয়েভের আগ্রহের কথা জানিয়েছেন। ইউক্রেন ও রাশিয়ায় আগামী ১২ এপ্রিল ইস্টার উদযাপিত হবে।
জেলেনস্কি বলেন, গোয়েন্দা তথ্য অনুযায়ী রাশিয়া তাদের আকাশ হামলার কৌশল পরিবর্তনের প্রস্তুতি নিচ্ছে এবং ভবিষ্যতে শুধু জ্বালানি অবকাঠামো নয়, অন্যান্য গুরুত্বপূর্ণ স্থাপনাও লক্ষ্য হতে পারে।
কিয়েভ অঞ্চলের সামরিক প্রশাসনের প্রধান মাইকোলা কালাশনিক টেলিগ্রামে জানান, কিয়েভ অঞ্চলে রাশিয়ার ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় অন্তত একজন নিহত এবং আটজন আহত হয়েছেন। কিয়েভের উপকণ্ঠের বুচা, ফাস্টিভ ও ওবুখিভ শহরে এসব হামলা হয়।
ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রি সিবিহা জানিয়েছেন, রাতভর হামলায় প্রায় ৫০০ ড্রোন ও ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে রাশিয়া। ইউক্রেনের ইস্টার যুদ্ধবিরতির প্রস্তাবের জবাবে মস্কো নির্মম হামলা চালাচ্ছে।