Sunday 05 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আজ থেকে নতুন সময়ে অফিস, সকাল ৯টা-বিকেল ৪টা

স্পেশাল করেসপন্ডেন্ট
৫ এপ্রিল ২০২৬ ১০:১২ | আপডেট: ৫ এপ্রিল ২০২৬ ১১:৩৬

ঢাকা: বৈশ্বিক জ্বালানি সংকটের প্রেক্ষাপটে সরকারি-বেসরকারি অফিসের সময়সূচিতে পরিবর্তন আনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী আজ রোববার (৫ এপ্রিল) থেকে সারা দেশে সব সরকারি ও বেসরকারি অফিস সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে।

গতকাল শনিবার (৪ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিধি-৪ শাখার উপসচিব ফরিদা ইয়াসমিন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই নতুন সময়সূচির কথা জানানো হয়।

ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জেরে জ্বালানি খাতে চাপ তৈরি হওয়ায় গত বৃহস্পতিবার (২ এপ্রিল) রাতে মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত চূড়ান্ত হয়। এর মাধ্যমে অফিসের কর্মঘণ্টা এক ঘণ্টা কমানো হলো।

বিজ্ঞাপন

তবে জরুরি সেবাগুলো এই নতুন সময়সূচির বাইরে থাকবে। সাপ্তাহিক ছুটি আগের মতোই শুক্র ও শনিবার বহাল থাকবে।

সরকারি-বেসরকারি অফিসের সঙ্গে মিল রেখে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোও সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে। তবে গ্রাহক লেনদেনের সময় হবে সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বাংলাদেশ ব্যাংককে নির্দেশ দেওয়া হয়েছে।

আদালতের সময়সূচি নির্ধারণে সুপ্রিম কোর্ট পৃথক নির্দেশনা জারি করবেন। এ ছাড়া বেসরকারি শিল্পকারখানা ও প্রতিষ্ঠানের কর্মঘণ্টা নির্ধারণে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় ‘বাংলাদেশ শ্রম আইন, ২০০৬’ অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

শিক্ষা প্রতিষ্ঠানের সিদ্ধান্ত আজ

এদিকে বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোয় অনলাইন ক্লাসের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানা যাবে আজ রোববার (৫ এপ্রিল)। শিক্ষা মন্ত্রণালয় থেকে আজ এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি হতে পারে।

গত মঙ্গলবার (৩১ মার্চ) সচিবালয়ে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেন, সশরীরে ক্লাসের পাশাপাশি অনলাইন ক্লাস চালুর বিষয়ে আলোচনা হচ্ছে। এরপর এ বিষয়ে গত বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠকে প্রস্তাব উপস্থাপন করা হয়। মন্ত্রিসভার বৈঠকের পর মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি সংবাদ সম্মেলনে বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানের সিদ্ধান্ত রোববার (৫ এপ্রিল) মন্ত্রণালয় থেকে জানানো হবে।

সারাবাংলা/এমএমএইচ/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর