Sunday 05 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আজ থেকে নতুন সূচিতে ব্যাংক ও পুঁজিবাজার

সিনিয়র করেসপন্ডেন্ট
৫ এপ্রিল ২০২৬ ১১:০০ | আপডেট: ৫ এপ্রিল ২০২৬ ১২:২৯

ঢাকা: জ্বালানি ও বিদ্যুৎ সাশ্রয়ের সরকারি সিদ্ধান্তের আলোকে আজ রোববার (৫ এপ্রিল) থেকে নতুন সময়সূচিতে পরিচালিত হবে দেশের ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান ও পুঁজিবাজার। নতুন সূচি অনুযায়ী ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত খোলা থাকবে। তবে গ্রাহক লেনদেন চলবে বিকাল ৩টা পর্যন্ত।

এ বিষয়ে শনিবার (৪ এপ্রিল) সাপ্তাহিক ছুটির দিনে বাংলাদেশ ব্যাংক পৃথক নির্দেশনা জারি করে সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে পাঠিয়েছে।

নতুন নির্দেশনা অনুযায়ী, পুঁজিবাজার লেনদেনের সময়ও পরিবর্তন করা হয়েছে। এখন থেকে পুঁজিবাজারে লেনদেন শেষ হবে দুপুর ২টায়, যা আগের সময়ের তুলনায় আধা ঘণ্টা আগে।

বিজ্ঞাপন

সাধারণ সময়ে পুঁজিবাজারে লেনদেন চলত সকাল ১০টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত।

বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় বলা হয়েছে, জ্বালানি ও বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে ব্যাংকের অফিস সময় ও লেনদেনের সময় পুনঃনির্ধারণ করা হয়েছে। নতুন সূচি অনুযায়ী ব্যাংকিং লেনদেনের পাশাপাশি বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন আন্তঃব্যাংক নিষ্পত্তি ব্যবস্থার সময়ও কমানো হয়েছে। এর মধ্যে বাংলাদেশ অটোমেটেড চেক ক্লিয়ারিং হাউস (বিএসিএইচ) এবং রিয়েল টাইম গ্রস সেটেলমেন্ট (আরটিজিএস) প্ল্যাটফর্মে লেনদেন নিষ্পত্তির সময়ও সংক্ষিপ্ত করা হয়েছে।

তবে সমুদ্রবন্দর, স্থলবন্দর ও বিমানবন্দর এলাকায় অবস্থিত ব্যাংকের শাখা, উপশাখা বা বুথ আগের মতোই সপ্তাহে সাত দিন ২৪ ঘণ্টা খোলা থাকবে। এছাড়া ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের সাপ্তাহিক ছুটি আগের মতোই শুক্রবার ও শনিবার বহাল থাকবে।

উল্লেখ্য, জ্বালানি সংকট মোকাবিলায় গত বৃহস্পতিবার মন্ত্রিপরিষদের বৈঠকে সরকারি ও বেসরকারি অফিসের সময়সূচি, মার্কেট ও বিপণিবিতান খোলা রাখার সময় কমানোসহ বিভিন্ন সিদ্ধান্ত নেওয়া হয়। সেই সিদ্ধান্তের আলোকে কেন্দ্রীয় ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের নতুন সময়সূচি নির্ধারণ করে নির্দেশনা জারি করেছে।

সারাবাংলা/একে/এনজে
বিজ্ঞাপন

জাতীয় সংসদের অধিবেশন শুরু
৫ এপ্রিল ২০২৬ ১৬:৩০

আরো

সম্পর্কিত খবর