পটুয়াখালী: পটুয়াখালীর কলাপাড়া উপকূলে জ্বালানি সংকটে বিপাকে পড়া সমুদ্রগামী জেলেদের জন্য বিশেষ ব্যবস্থায় ডিজেল সরবরাহ শুরু করেছে উপজেলা প্রশাসন। জরুরি এই উদ্যোগের আওতায় শনিবার (৪ এপ্রিল) ২৭ হাজার লিটার ডিজেল বিতরণ করা হয়।
প্রশাসনের তত্ত্বাবধানে আলীপুর ফরাজী ট্রেডার্স ও বিসমিল্লাহ ফিলিং স্টেশনের মাধ্যমে সরাসরি জেলেদের হাতে জ্বালানি তুলে দেওয়া হয়। এর মধ্যে মহিপুরে ১৫ হাজার এবং আলীপুরে ১২ হাজার লিটার ডিজেল বরাদ্দ দেওয়া হয়েছিল। ছোট, মাঝারি ও বড় ট্রলারগুলোর চাহিদা অনুযায়ী ৪০০ থেকে ১০০০ লিটার পর্যন্ত ডিজেল সরবরাহ করা হয়।
কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. ইয়াসীন সাদিক বলেন, জেলেদের দুর্ভোগ কমাতে জেলা প্রশাসনের নির্দেশে এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। এতে অন্তত শতাধিক ট্রলার সমুদ্রে মাছ ধরতে যেতে পারবে। প্রয়োজনে এ কার্যক্রম আরও বাড়ানো হবে বলেও জানান তিনি।
স্থানীয় জনপ্রতিনিধিদের সহযোগিতায় জ্বালানি বিতরণ কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। মহিপুর ও লতাচাপলী ইউনিয়নের দায়িত্বশীলদের আগাম অবহিত করে এ কার্যক্রম পরিচালনা করা হয়।
উল্লেখ্য, আগামী ১৫ এপ্রিল থেকে ৫৮ দিনের মাছ ধরার নিষেধাজ্ঞা শুরু হতে যাচ্ছে। তার আগে অন্তত একবার যেন জেলেরা সমুদ্রে যেতে পারেন, সে লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
ট্রলার মাঝি সামসুগা বাড়ি জানান, দীর্ঘদিন জ্বালানি সংকটে পড়ে প্রায় আড়াই শতাধিক ট্রলার এবং হাজারো জেলে কর্মহীন হয়ে পড়েছিলেন। হঠাৎ করে পাওয়া এই ডিজেল সরবরাহ তাদের কিছুটা স্বস্তি ফিরিয়ে দিয়েছে, যদিও এটি পুরো চাহিদার তুলনায় অপ্রতুল।
ট্রলার মালিক স্থানীয় ইউপি চেয়ারম্যান ফজলু গাজী জানান, একটি বড় ট্রলারের জন্য একবার সমুদ্রে যেতে প্রায় ৭০০ থেকে ৮০০ লিটার ডিজেল প্রয়োজন হয়। তাই সংকট পুরোপুরি কাটাতে আরও জ্বালানি সহায়তা দরকার।
স্থানীয় মৎস্য ব্যবসায়ীরা প্রশাসনের এই উদ্যোগকে সময়োপযোগী বলে উল্লেখ করেছেন এবং ভবিষ্যতেও এমন সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন।