ঢাকা: রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে ২০১৩ সালের ৫ মে হেফাজতে ইসলামের সমাবেশে সংঘটিত গণহত্যার অভিযোগে দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক ডিআইজি আবদুল জলিল মণ্ডলকে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন ট্রাইব্যুনাল।
রোববার (৫ এপ্রিল) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে গঠিত দুই সদস্যের বেঞ্চ এ আদেশ দেন। বেঞ্চের অপর সদস্য ছিলেন বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।
রাষ্ট্রপক্ষের হয়ে শুনানিতে অংশ নেন প্রসিকিউটর গাজী এমএইচ তামিম। তিনি তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আরও দুই মাস সময় চেয়ে একই সঙ্গে আবদুল জলিলকে জিজ্ঞাসাবাদের আবেদন জানান। শুনানি শেষে ট্রাইব্যুনাল আগামী ১৫ দিনের মধ্যে সুবিধাজনক যেকোনো একদিন তাকে জিজ্ঞাসাবাদের অনুমতি দেয়।
এর আগে, গত ৩১ মার্চ মামলাটিতে গ্রেফতার দেখিয়ে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক মোহিতুল হক এনাম চৌধুরীর একক বেঞ্চ। তার আগের দিন, ৩০ মার্চ সন্ধ্যায় রাজধানীর সবুজবাগ এলাকা থেকে তাকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
উল্লেখ্য, ২০১৩ সালের ওই ঘটনার সময় আবদুল জলিল ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছিলেন। পরবর্তীতে তিনি র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) এর অতিরিক্ত মহাপরিচালকের দায়িত্বও পালন করেন।