Sunday 05 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মঙ্গল শোভাযাত্রা স্থায়ীভাবে বন্ধের দাবিতে হাইকোর্টে রিট

স্টাফ করেসপন্ডেট
৫ এপ্রিল ২০২৬ ১৮:০২ | আপডেট: ৫ এপ্রিল ২০২৬ ১৯:২৬

– সংগৃহীত ফাইল ছবি

ঢাকা: পহেলা বৈশাখে আয়োজিত মঙ্গল শোভাযাত্রা স্থায়ীভাবে বন্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্টে একটি রিট পিটিশন দায়ের করা হয়েছে।

রিটে বলা হয়েছে, এ আয়োজন দেশের সংখ্যাগরিষ্ঠ মুসলিম জনগোষ্ঠীর ধর্মীয় অনুভূতি, সাংবিধানিক অধিকার ও সাম্প্রদায়িক সম্প্রীতির ওপর বিরূপ প্রভাব ফেলতে পারে।

রোববার (৫ এপ্রিল) সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মাহমুদুল হাসান (মামুন) জনস্বার্থে এই রিট দায়ের করেন।

রিটে সংস্কৃতি, ধর্ম ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, ঢাকা জেলা প্রশাসক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং চারুকলা অনুষদের ডিনকে বিবাদী করা হয়েছে।

রিট আবেদনে উল্লেখ করা হয়, মঙ্গল শোভাযাত্রা কোনো প্রাচীন বাঙালি ঐতিহ্য নয়। এটি ১৯৮৯ সালে ‘আনন্দ শোভাযাত্রা’ নামে শুরু হওয়া একটি নবসৃষ্ট আয়োজন, যা পরবর্তীতে নাম পরিবর্তন করে পহেলা বৈশাখের সঙ্গে যুক্ত করা হয়েছে।

বিজ্ঞাপন

আইনজীবীর দাবি, শোভাযাত্রায় ব্যবহৃত বিভিন্ন প্রাণীর প্রতিকৃতি বহন করে ‘মঙ্গল’ কামনা করা ইসলামী বিশ্বাসের সঙ্গে সাংঘর্ষিক। কারণ মুসলমানরা কেবল আল্লাহর কাছেই কল্যাণ প্রার্থনা করে থাকে।

রিটে আরও বলা হয়েছে, শোভাযাত্রায় ব্যবহৃত কিছু প্রতীক হিন্দু ধর্মীয় ঐতিহ্যের সঙ্গে সম্পর্কিত হওয়ায় তা মুসলিম জনগোষ্ঠীর মধ্যে ধর্মীয় অস্বস্তি তৈরি করতে পারে এবং এর ফলে সাম্প্রদায়িক উত্তেজনা বা সংঘর্ষের ঝুঁকি বাড়তে পারে।

এছাড়া এতে উল্লেখ করা হয়, এ ধরনের পরিস্থিতি সংবিধানের ৩১ ও ৩২ অনুচ্ছেদে বর্ণিত নাগরিকের আইনের সুরক্ষা ও জীবনের অধিকারের পরিপন্থি। একই সঙ্গে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় এ আয়োজন চালু রাখা সংবিধানের ৪১ অনুচ্ছেদে প্রদত্ত ধর্মীয় স্বাধীনতার সঙ্গেও অসামঞ্জস্যপূর্ণ বলে দাবি করা হয়েছে।

রিটে পহেলা বৈশাখে মঙ্গল শোভাযাত্রার আয়োজন, অনুমোদন, প্রচার বা পরিচালনা থেকে সংশ্লিষ্টদের বিরত রাখতে আদালতের নির্দেশনা চাওয়া হয়েছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর