Sunday 05 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অতীতের সরকারগুলোর ভুল ব্যবস্থাপনার কারণে হামের প্রাদুর্ভাব: স্বাস্থ্যমন্ত্রী

স্টাফ করেসপন্ডেন্ট
৫ এপ্রিল ২০২৬ ১৮:৪১ | আপডেট: ৫ এপ্রিল ২০২৬ ১৯:২৬

– ছবি : সংগৃহীত

ঢাকা: অতীতের সরকারগুলোর ভুল ব্যবস্থাপনার কারণে হামের প্রাদুর্ভাব হয়েছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

তিনি বলেন, আজ (রোববার, ৫ এপ্রিল) থেকে ১৮ জেলার ৩০ উপজেলায় হামের টিকা কার্যক্রম শুরু হলো।আগামী ১২ এপ্রিল থেকে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি এবং ময়মনসিংহ ও বরিশালে টিকা দেওয়া হবে। এরপর ৩ মে থেকে অবশিষ্ট সারাদেশে একযোগে টিকা দেওয়া হবে।

রোববার ঢাকার নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শিশুদের হাম-রুবেলা প্রতিরোধে জরুরি টিকাদান কর্মসূচি উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

স্বাস্থ্যমন্ত্রী বলেন, এ এলাকায় যারা আমাদের দলীয় নেতৃবৃন্দ আছেন, সবাইকে আমি অনুরোধ করবো যে, গ্রামের দিকে খেয়াল রাখবেন। প্রধানমন্ত্রীর নির্দেশ, আমাদের বাচ্চারা যদি হাম আক্রান্ত হয়, সাথে সাথে আপনারা অভিভাবকদের বুঝিয়ে নিকটস্থ হাসপাতালে পাঠিয়ে দেবেন, যাতে করে একটা সন্তানও যেন মৃত্যুর কোলে ঢলে না পড়ে, কোন মায়ের বুক যেন খালি না হয়, আপনারা সেদিকে খেয়াল রাখবেন।

৫ বছর বয়স পর্যন্ত শিশুদের টিকা দেওয়ার ব্যাখ্যায় তিনি বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, বর্তমানে আক্রান্তদের মধ্যে ৮২ শতাংশ রোগী ৫ বছরের কম হওয়ায় ৬ মাস থেকে ৫৯ মাস বয়সের গ্রুপটাকে টিকা দেওয়া হচ্ছে। বাকিদের পরে পর্যায়ক্রমে দেওয়া হবে।

টিকাদান কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে বাংলাদেশে ইউনিসেফের প্রতিনিধি রানা ফ্লাওয়ার্স, বাংলাদেশে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচ) প্রতিনিধি ডা. আহমেদ জামশিদ মোহামেদ এবং স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস উপস্থিত ছিলেন।

এরপর মন্ত্রী একই উপজেলার বর্ধনপাড়া প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে শিশুদের হাম-রুবেলা প্রতিরোধে জরুরি টিকাদান কর্মসূচি পরিদর্শন করেন।