Sunday 05 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বছরের দ্বিতীয়ার্ধে ব্যাংকগুলোর সিএসআর ব্যয় বেড়েছে

স্টাফ করেসপন্ডেন্ট
৫ এপ্রিল ২০২৬ ২১:২১ | আপডেট: ৫ এপ্রিল ২০২৬ ২৩:০৪

– ছবি : প্রতীকী ও সংগৃহীত

ঢাকা: সমাপ্ত ২০২৫ সালের প্রথম ছয় মাস অর্থাৎ জানুয়ারি-জুন সময়ের তুলনায় দ্বিতীয়ার্ধে অর্থাৎ জুলাই-ডিসেম্বর সময়ে ব্যাংকগুলোর করপোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) খাতে ব্যয় বেড়েছে ৫০ কোটি ৬৬ লাখ টাকা। আর এই সময়ে শিক্ষা ও স্বাস্থ্য খাতে সিএসআর ব্যয় বেড়েছে অর্ধেক।

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রকাশিত হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

বিদ্যমান নিয়মে কোনো ব্যাংক নিট লোকসানে থাকলে সিএসআর খাতে কোনো ব্যয় করতে পারবে না। আর নিট মুনাফায় থাকলে একটি অংশ সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে ব্যয় করা যাবে। কোনো ব্যাংক মুনাফার কত অংশ ব্যয় করবে বা আদৌ করবে কি না- তা তাদের নিজস্ব বিষয়।

বিজ্ঞাপন

কোনো ব্যাংক সিএসআর ব্যয় করলে তার অনুপাত কী হবে- তা কেন্দ্রীয় ব্যাংক থেকে নির্ধারণ করে দেওয়া আছে।

বাংলাদেশ ব্যাংক নির্ধারিত নিয়ম অনুযায়ী, একটি ব্যাংক ১০০ টাকা সিএসআর ব্যয় করলে তার মধ্যে শিক্ষা ও স্বাস্থ্য খাতে ৩০ শতাংশ করে মোট ৬০ শতাংশ খরচ করতে হবে। পরিবেশ ও জলবায়ু পরিবর্তন খাতে ২০ শতাংশ ব্যয় করতে হবে। বাকি ২০ শতাংশ আয়-উৎসারী কাজ, দুর্যোগ ব্যবস্থাপনা, অবকাঠামো উন্নয়ন, ক্রীড়া ও সংস্কৃতি এবং অন্যান্য খাতে খরচ করা যাবে।

প্রতিবেদন অনুযায়ী, গত বছরের দ্বিতীয়ার্ধে অর্থাৎ জুলাই-ডিসেম্বরে ব্যাংকগুলোর মোট সিএসআর ব্যয় হয়েছে ১৯৭ কোটি ৮৫ লাখ টাকা। আর একই বছরের প্রথম ছয় মাসে ব্যাংকগুলোর সিএসআর ব্যয় ছিল ১৪৭ কোটি ১৯ লাখ টাকা। সেই হিসাবে বছরের দ্বিতীয়ার্ধে ব্যাংকগুলোর সিএসআর ব্যয় বেড়েছে ৫০ কোটি ৬৬ লাখ টাকা।

প্রতিবেদন বলছে, গত বছরের দ্বিতীয়ার্ধে অর্থাৎ জুলাই-ডিসেম্বর সময়ে শিক্ষা খাতে ব্যাংকগুলোর সিএসআর ব্যয় হয়েছে ৬৪ কোটি ২৪ লাখ টাকা, যা মোট সিএসআর ব্যয়ের ৩২ দশমিক ৪৭ শতাংশ। আর বছরের প্রথমার্ধে শিক্ষা খাতে সিএসআর ব্যয় ছিল ৩৪ কোটি ২০ লাখ টাকা। সেই হিসাবে ছয় মাসে শিক্ষা খাতে সিএসআর ব্যয় বেড়েছে ৩০ কোটি শূন্য চার লাখ টাকা।

তথ্য বলছে, গত বছরের দ্বিতীয়ার্ধে অর্থাৎ জুলাই-ডিসেম্বর সময়ে স্বাস্থ্য খাতে ব্যাংকগুলোর সিএসআর ব্যয় হয়েছে ৫৭ কোটি ৫২ লাখ টাকা, যা মোট সিএসআর ব্যয়ের ২৯ দশমিক শূন্য ৭ শতাংশ। আর বছরের প্রথমার্ধে স্বাস্থ্য খাতে সিএসআর ব্যয় ছিল ২৮ কোটি ১২ লাখ টাকা। সেই হিসাবে ছয় মাসে স্বাস্থ্য খাতে সিএসআর ব্যয় বেড়েছে ২৯ কোটি ৪ লাখ টাকা।

তথ্যানুযায়ী, গত বছরের দ্বিতীয়ার্ধে অর্থাৎ জুলাই-ডিসেম্বর সময়ে পরিবেশ এবং জলবায়ু খাতে ব্যাংকগুলোর সিএসআর ব্যয় হয়েছে ২৯ কোটি ২৯ লাখ টাকা, যা মোট সিএসআর ব্যয়ের ১৮ দশমিক ৮১ শতাংশ। আর বছরের প্রথমার্ধে পরিবেশ এবং জলবায়ু খাতে সিএসআর ব্যয় ছিল ৫ কোটি ২১ লাখ টাকা। সেই হিসাবে ছয় মাসে পরিবেশ এবং জলবায়ু খাতে সিএসআর ব্যয় বেড়েছে ২৪ কোটি ৪ লাখ টাকা।

এছাড়া, গত বছরের দ্বিতীয়ার্ধে অর্থাৎ জুলাই-ডিসেম্বর সময়ে অন্যান্য ব্যয়ের মধ্যে দুর্যোগ ব্যবস্থাপনা খাতে ব্যাংকগুলোর সিএসআর ব্যয় হয়েছে ১৯ কোটি ২৯ লাখ টাকা, অবকাঠামো উন্নয়ন খাতে ব্যয় হযেছে ১ কোটি ৩৯ লাখ টাকা, ক্রিড়া ও সংস্কৃতি খাতে ৮ কোটি ২২ লাখ টাকা, আয়-উতসারী খাতে শূন্য দশমিক ৫৩ কোটি টাকা এবং অন্যান্য খাতে ২১ কোটি ৩৬ লাখ টাকা।

গত বছরের দ্বিতীয়ার্ধে সিএসআর খাতে সর্বোচ্চ ২৭ কোটি ৭১ লাখ টাকা ব্যয় করেছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক। এরপর রয়েছে পর্যায়ক্রমে ব্র্যাক ব্যাংক ২০ কোটি টাকা, এক্সিম ব্যাংক ১৯ কোটি টাকা, ডাচ বাংলা ও যমুনা ব্যাংক ১৪ কোটি করে।