Monday 06 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টানা ৬ মাস নির্যাতন: গুমের ঘটনায় ট্রাইব্যুনালে যুবদল নেতার অভিযোগ

স্টাফ করেসপন্ডেট
৬ এপ্রিল ২০২৬ ১৫:৫৩

– ছবি : সারাবাংলা

ঢাকা: নিজের গুম হওয়ার অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২২ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশনে লিখিত অভিযোগ জমা দিয়েছেন সাবেক যুবদল নেতা মশিউর রহমান মামুন।

সোমবার (৬ এপ্রিল) দুপুরে তিনি ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলামের কাছে এ অভিযোগ দাখিল করেন। অভিযোগপত্রে ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল (অব.) শেখ মামুন খালেদের নামও অন্তর্ভুক্ত করা হয়েছে। তবে তদন্তের স্বার্থে সব অভিযুক্তের পরিচয় প্রকাশ করা হয়নি।

মশিউর রহমানের দাবি, ২০১৫ সালের ২৩ ফেব্রুয়ারি ঢাকার আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ব্যাংককে যাওয়ার সময় সাদা পোশাকধারী আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাকে তুলে নিয়ে যায়। এরপর হাতকড়া পরিয়ে ও চোখ বেঁধে প্রায় ছয় মাস গোপন স্থানে আটকে রাখা হয়। একই বছরের ২৩ আগস্ট তাকে ডিবি হেফাজতে নেওয়া হয় এবং পরে আদালতে হাজির করা হয়। দুই দফা রিমান্ড শেষে প্রায় দুই বছর তিনি ঢাকা কেন্দ্রীয় কারাগারে ছিলেন। পরবর্তীতে উচ্চ আদালত থেকে জামিনে মুক্তি পান।

বিজ্ঞাপন

তিনি অভিযোগ করেন, গুম অবস্থায় তাকে দীর্ঘ ছয় মাস অমানুষিক নির্যাতনের শিকার হতে হয়েছে। এর ফলে তার শারীরিক অবস্থা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। একসময় নিয়মিত দৌড়ঝাঁপ ও খেলাধুলায় সক্রিয় থাকলেও এখন স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারেন না এবং অন্যের সহায়তার ওপর নির্ভরশীল হয়ে পড়েছেন। উন্নত চিকিৎসার জন্য বর্তমানে তিনি লন্ডনে অবস্থান করছেন বলেও জানান।

মামুন আরও বলেন, অভিযুক্তদের নাম এখনই প্রকাশ করা হলে অনেকেই পালিয়ে যেতে পারেন, এমন আশঙ্কা থেকেই সব তথ্য গোপন রাখা হয়েছে।

বর্তমানে তিনি বিএনপির রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত আছেন। তার রাজনৈতিক জীবন শুরু হয় ১৯৮৫ সালে ছাত্রদলের মাধ্যমে। ২০০১ সালে বিএনপির কেন্দ্রীয় নির্বাচন মনিটরিং সেলের সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর