Monday 06 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নতুন সরকারের ১ম একনেক
তিন সংশোধিত প্রকল্পে ব্যয় বাড়ছে ৪৮৩ কোটি ৪৩ লাখ টাকা

স্পেশাল করেসপন্ডেন্ট
৬ এপ্রিল ২০২৬ ১৭:৩৩

– ছবি : সংগৃহীত

ঢাকা: মোট ৪৮৩ কোটি ৪৩ লাখ টাকা ব্যয় বাড়ানোর ৩টি সংশোধিত প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। এছাড়া ব্যয় না বাড়িয়ে ইতোপূর্বে সংশোধিত ২টি প্রকল্পের মেয়াদ বাড়ানো হয়েছে।

সোমবার (৬ এপ্রিল) রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত একনেক সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন তারেক রহমান। অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বৈঠকে উপস্থিত ছিলেন। এটি চলতি ২০২৫-২৬ অর্থবছরের ৯ম এবং বর্তমান নব নির্বাচিত সরকারের প্রথম একনেক সভা।

বৈঠকে অনুমোদিত প্রকল্পগুলো হচ্ছে-

‘সামাজিক সার্বজনীন অবকাঠামো উন্নয়ন প্রকল্প-২ (১ম সংশোধন): প্রকল্পটির মূল ব্যয় ধরা হয়েছিল ১ হাজার ৮২ কোটি টাকা। প্রথম সংশোধনী প্রস্তাবে ৩৬৮ কোটি টাকা ব্যয় বাড়িয়ে প্রকল্পটির মোট ব্যয় ধরা হয়েছে ১ হাজার ৪৫০ কোটি টাকা। গত ২০২২ সালের জুলাইয়ে শুরু হওয়া প্রকল্পটি ২০২৭ সালের জুনে শেষ হওয়ার কথা রয়েছে।

বিজ্ঞাপন

শিশু ও মাতৃস্বাস্থ্য এবং স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়ন (কম্পোনেন্ট-২): দেশের ৮টি বিভাগীয় মেডিকেল কলেজ হাসপাতালের ডায়াগনস্টিক ইমেজিং ব্যবস্থার আধুনিকীকরণ (২য় সংশোধন)। প্রকল্পটির মূল ব্যয় ধরা হয়েছিল ৯০০ কোটি ২৪ লাখ ৪৬ হাজার টাকা। প্রথম সংশোধনী প্রস্তাবে প্রকল্পটির ব্যয় বাড়িয়ে ১ হাজার ৯৪ কোটি ৭৮ লাখ ৮০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছিল। এবার দ্বিতীয় সংশোধনী প্রস্তাবে প্রকল্পটির ব্যয় ১১৮ কোটি ৯১ লাখ ৭০ হাজার টাকা বাড়িয়ে ১ হাজার ২১৩ কোটি ৭০ লাখ ৫০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। মূল প্রস্তাবে প্রকল্পটির বাস্তবায়নকাল ধরা হয়েছিল ২০১৬ সালের জুলাই থেকে ২০২১ সালের জুন পর্যন্ত। সংশোধিত প্রস্তাবে প্রকল্পটির মেয়াদকাল ২০২৮ সালের জুন পর্যন্ত বাড়ানো হয়েছে।

চর ডেভেলপমেন্ট অ্যান্ড সেটেলমেন্ট প্রজেক্ট-৪: অতিরিক্ত অর্থায়ন (৩য় সংশোধন): প্রকল্পটির মূল ব্যয় ধরা হয়েছিল ৩৩ কোটি ৭০ লাখ ৭৬ হাজার টাকা। প্রথম সংশোধনী প্রস্তাবে প্রকল্পটির ব্যয় বাড়িয়ে ৩৪ কোটি ২০ লাখ ১৫ হাজার টাকা। বর্তমান তৃতীয় সংশোধনী প্রস্তাবে প্রকল্পটির ব্যয় ৩ কোটি ৪৮ লাখ ২৯ হাজার টাকা কমিয়ে ৩০ কোটি ৭১ লাখ ৮৬ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।

এছাড়া ইতোপূর্বে সংশোধিত দুটি প্রকল্পের ব্যয় না বাড়িয়ে চতুর্থ দফা মেয়াদকাল বাড়ানো হয়েছে। প্রকল্প দুটি হচ্ছে- ‘আইটি ট্রেনিং ও ইনকিউবেশন সেন্টার স্থাপন (২য় সংশোধিত) (আন্ত:অঙ্গব্যয় সমন্বয়) প্রকল্প: প্রকল্পটির মেয়াকাল চলতি বছরের তথা ২০২৬ সালের জুন পর্যন্ত বাড়ানো হয়েছে। গত ২০১৭ সালের জানুয়ারিতে শুরু হওয়া প্রকল্পটি গত ২০১৯ সালের ডিসেম্বরে শেষ হওয়ার কথা ছিল।

অপরটি হচ্ছে- ‘গোপালগঞ্জ ডেন্টাল কলেজ ও হাসপাতাল স্থাপন (২য় সংশোধিত): এ প্রকল্পটিরও মেয়াকাল চলতি বছরের তথা ২০২৬ সালের জুন পর্যন্ত বাড়ানো হয়েছে। গত ২০১৪ সালের জানুয়ারিতে শুরু হওয়া প্রকল্পটি গত ২০১৬ সালের জুনে শেষ হওয়ার কথা ছিল।