ঢাকা: প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ২৭ এপ্রিল যশোর সফরে যাচ্ছেন। সরকার গঠনের পর যশোর জেলায় এটিই হতে যাচ্ছে তার প্রথম সরকারি সফর।
সোমবার (৬ এপ্রিল) রাতে প্রধানমন্ত্রীর উপ-প্রেস সেক্রেটারি জাহিদুল ইসলাম রনি বিষয়টি নিশ্চিত করেছেন।
সফরকালে প্রধানমন্ত্রী যশোরে নবনির্মিত ৫০০ শয্যাবিশিষ্ট মেডিকেল কলেজ হাসপাতালের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। এছাড়া শার্শা উপজেলার গুরুত্বপূর্ণ উলসী-যদুনাথপুর খাল পুনঃখনন কাজেরও উদ্বোধন করার কথা রয়েছে তার। সরকারি কর্মসূচি শেষে তিনি যশোর শহরের ঈদগাহ ময়দানে বিএনপি আয়োজিত এক জনসভায় প্রধান অতিথি হিসেবে ভাষণ দেবেন।
খুলনা বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক এবং বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সামাজিক যোগাযোগমাধ্যমে এই সফরের তথ্য নিশ্চিত করে যশোরের মানুষের জন্য একে ‘সুসংবাদ’ হিসেবে অভিহিত করেছেন। যশোর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু জানিয়েছেন, প্রধানমন্ত্রীর আগমন ঘিরে সকল ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। জনসভাকে সফল করতে তৃণমূল পর্যায়েও নেতাকর্মীরা কাজ শুরু করেছেন।