ঢাকা: বৈষম্যবিরোধী আন্দোলনকে ঘিরে রাজধানীর লালবাগ থানায় দায়ের করা একটি হত্যাচেষ্টা মামলায় গ্রেফতার সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীকে আদালতে হাজির করা হয়েছে।
মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুর ১টা ৫৫ মিনিটে তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে নেওয়া হয়। এরপর তাকে আদালতের হাজতখানায় রাখা হয়।
মামলার তদন্ত কর্মকর্তা, ডিবি পুলিশের পরিদর্শক মোহসীন উদ্দীন আসামিকে কারাগারে আটক রাখার আবেদন জানান। এ বিষয়ে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানার আদালতে শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
আবেদনে উল্লেখ করা হয়, মামলার ১ নম্বর আসামি শেখ হাসিনা এবং ৩ নম্বর আসামি শিরীন শারমিন চৌধুরীসহ অন্যরা রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণে ভূমিকা রেখেছেন। তাদের পরিকল্পনা ও নির্দেশনায় ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট অপরাধ সংঘটিত হয়েছে বলে অভিযোগ করা হয়েছে।
আরও বলা হয়, জিজ্ঞাসাবাদে আসামি নিজের পরিচয় ও তদন্তে সহায়ক গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন, যা যাচাই-বাছাই করা হচ্ছে। তাকে জামিনে মুক্তি দেওয়া হলে পালিয়ে যাওয়া বা তদন্তে বিঘ্ন ঘটানোর আশঙ্কা রয়েছে। তাই তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে রাখা প্রয়োজন বলে আবেদনে উল্লেখ করা হয়।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার এন এম নাসির উদ্দিন জানান, ভোরে এক আত্মীয়ের বাসা থেকে শিরীন শারমিন চৌধুরীকে গ্রেফতার করা হয়।
মামলার সূত্রে জানা যায়, গত বছরের ১৮ জুলাই লালবাগ থানার আজিমপুর সরকারি কলোনির ভেতরে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় মিছিল করছিলেন ভুক্তভোগী মো. আশরাফুল ওরফে ফাহিম। এ সময় আসামিদের গুলিতে তার বাম চোখ গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়।
এ ঘটনায় ভুক্তভোগী আশরাফুল ১৭ জুলাই লালবাগ থানায় হত্যাচেষ্টা মামলা দায়ের করেন।