ঢাকা: জুলাই আন্দোলনকে কেন্দ্র করে রাজধানীর লালবাগ থানায় দায়ের করা এক হত্যাচেষ্টা মামলায় সাবেক স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী-এর বিরুদ্ধে করা রিমান্ড আবেদন নামঞ্জুর করেছেন আদালত। একই সঙ্গে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।
মঙ্গলবার (৭ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানা এ আদেশ দেন।
এর আগে, মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের পরিদর্শক মোহসিন উদ্দিন আদালতে হাজির করে শিরীন শারমিনকে দুই দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন।
তবে আসামিপক্ষ রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করে।
শুনানি শেষে আদালত রিমান্ড ও জামিন উভয় আবেদনই খারিজ করেন।
এদিন ভোর সাড়ে ৪টার দিকে রাজধানীর ধানমন্ডির একটি বাসা থেকে তাকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা শাখা (ডিবি)। পরে দুপুর ১টা ৫৫ মিনিটে তাকে পুরান ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে আনা হয় এবং হাজতখানায় রাখা হয়।
মামলার বিবরণ অনুযায়ী, ২০২৪ সালের ১৮ জুলাই আজিমপুর বাসস্ট্যান্ড এলাকায় আন্দোলন চলাকালে হামলার ঘটনা ঘটে। এতে আশরাফুল ওরফে ফাহিম নামের এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়ে চোখে গুরুতর আঘাত পান। পরে তিনি চিকিৎসা নেন বিভিন্ন হাসপাতালে।
এ ঘটনায় ২০২৫ সালের ২৫ মে শেখ হাসিনাসহ ১৩০ জনের নাম উল্লেখ করে এবং আরও অজ্ঞাত ১১৫-১২০ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়।
উল্লেখ্য, ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের পর আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। এরপর দলের অনেক শীর্ষ নেতা আত্মগোপনে চলে যান। সেই সময় শিরীন শারমিন চৌধুরীও প্রকাশ্যে আসেন নি এবং অন্তর্বর্তী সরকারের শপথ অনুষ্ঠানেও উপস্থিত ছিলেন না।