ঢাকা: পণ্য আমদানি প্রক্রিয়াকে আরও স্বচ্ছ, দ্রুত ও ডিজিটাল করতে বড় উদ্যোগ নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ও বাংলাদেশ ব্যাংক। দুই সংস্থার যৌথ উদ্যোগে ফরেন এক্সচেঞ্জ ট্রানজ্যাকশন ম্যানেজমেন্ট সিস্টেম (ফক্সটিমস) এবং অসিকাডা ওয়ার্ল্ড সিস্টেমের মধ্যে আন্তঃসংযোগ স্থাপন করা হয়েছে।
মঙ্গলবার (৭ এপ্রিল) এনবিআর-এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এদিন অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব ও এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রমের উদ্বোধন করেন। ইতোমধ্যে সিস্টেমটির ইউজার অ্যাকসেপ্টেন্স টেস্ট সম্পন্ন হয়েছে এবং একই দিন থেকে পাইলটিং কার্যক্রম শুরু হয়েছে।
নতুন ব্যবস্থার আওতায়, পণ্য আমদানির ক্ষেত্রে রপ্তানিকারক কর্তৃক ইস্যুকৃত কমার্শিয়াল ইনভয়েস এখন থেকে সকল বাণিজ্যিক ব্যাংকের মাধ্যমে একক ফরম্যাটে ফক্সটিমস থেকে রিয়েল-টাইমে সরাসরি অসিকাডা ওয়ার্ল্ড সিস্টেমে প্রেরণ করা হবে। ফলে কাস্টমস অফিসে গিয়ে কমার্শিয়াল ইনভয়েসের হার্ডকপি জমা দেওয়ার প্রয়োজন আর থাকছে না।
এনবিআর জানায়, এই আন্তঃসংযোগের ফলে ইনভয়েস যাচাই প্রক্রিয়া সম্পূর্ণ অনলাইন ও রিয়েল-টাইম ভিত্তিক হবে। কাগজপত্রের ওপর নির্ভরতা কমবে, রাজস্ব ফাঁকি প্রতিরোধ সহজ হবে এবং সামগ্রিক রাজস্ব ঝুঁকি উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে। একইসঙ্গে আমদানি-রফতানি পণ্যের খালাস প্রক্রিয়া আরও দ্রুত ও ঝামেলামুক্ত হবে।
এছাড়া, ট্রেড-বেইজড মানি লন্ডারিং কমাতে সহায়তা করবে এই উদ্যোগ এবং পণ্যের মূল্য নির্ধারণে একটি নির্ভরযোগ্য ডাটাবেইজ গড়ে উঠবে বলে আশা করছে সংশ্লিষ্টরা।
পাইলট প্রকল্প সফলভাবে সম্পন্ন হলে পর্যায়ক্রমে বিল অব এন্ট্রিতে বাধ্যতামূলকভাবে কমার্শিয়াল ইনভয়েস সংযোজন চালু করা হবে।
এনবিআর মনে করছে, এই উদ্যোগ দেশের কাস্টমস ব্যবস্থাকে পুরোপুরি পেপারলেস করার পথে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক, যা আমদানি-রফতানি বাণিজ্য সহজীকরণ ও আধুনিকায়নে বড় ভূমিকা রাখবে।