ঢাকা: রাজধানীর পল্টনে বিএনপির সমাবেশকে কেন্দ্র করে সংঘটিত সহিংসতা ও হত্যার ঘটনায় দায়ের করা মামলায় অভিযুক্ত ডিজিএফআই’র সাবেক পরিচালক মো. আফজাল নাসেরের বিরুদ্ধে পুনরায় ৭ দিনের রিমান্ড আবেদন করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বুধবার (৮ এপ্রিল) ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এ আবেদন দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা সাব-ইন্সপেক্টর মো. তোফাজ্জল হোসেন।
আবেদনে বলা হয়, মামলাটি পল্টন মডেল থানায় তদন্তাধীন এবং এতে দণ্ডবিধির বিভিন্ন ধারা ছাড়াও বিস্ফোরক দ্রব্য আইনের ধারাও যুক্ত রয়েছে।
মামলার এজাহার অনুযায়ী, ২০২২ সালের ১০ ডিসেম্বর বিএনপির বিভাগীয় সমাবেশকে ঘিরে সহিংসতা ছড়িয়ে পড়ে। অভিযোগ রয়েছে, আওয়ামী লীগের নেতাকর্মী ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সহায়তায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করা হয়। এ সময় লাঠিচার্জ, ককটেল বিস্ফোরণ, টিয়ারশেল নিক্ষেপ ও গুলিবর্ষণের ঘটনা ঘটে। এতে বহু নেতাকর্মী আহত হন এবং মকবুল নামে একজন কর্মী গুলিবিদ্ধ হয়ে নিহত হন।
এ মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৫৬ জনকে আসামি করা হয়েছে এবং অজ্ঞাতপরিচয় আরও ৫০০-৬০০ জনকে অভিযুক্ত করা হয়েছে।
তদন্ত কর্মকর্তার আবেদনে বলা হয়েছে, এজাহারের ১৪৭ নম্বর আসামি আফজাল নাসের বর্তমানে ইউনাইটেড গ্রুপের এক্সিকিউটিভ ডিরেক্টর (এডমিন) হিসেবে কর্মরত। তিনি তার পূর্ববর্তী দায়িত্ব ও প্রভাব ব্যবহার করে ঘটনার নেপথ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
বর্তমানে মামলাটি ডিএমপির গোয়েন্দা বিভাগের মতিঝিল জোনে তদন্তাধীন রয়েছে। তদন্তের স্বার্থে হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন, অন্যান্য আসামিদের শনাক্তকরণ, অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার এবং অর্থের উৎস ও নির্দেশদাতাদের চিহ্নিত করতে তাকে পুনরায় রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ প্রয়োজন বলে জানিয়েছে পুলিশ।
এ প্রেক্ষাপটে আদালতের কাছে আফজাল নাসের-কে আবারও সাত দিনের রিমান্ডে নেওয়ার অনুমতি চাওয়া হয়েছে।