ঢাকা: জাতীয় সংসদে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) সংশোধন বিল-২০২৬ ও বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) সংশোধনী বিল-২০২৬ পাস হয়েছে।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রীর পক্ষে প্রতিমন্ত্রী মীর শাহে আলম সংসদে বিলটি উত্থাপন করেন। পরে সেটি কণ্ঠভোটে পাস হয়।
বিলটি পাস হওয়ার মাধ্যমে ইউনিয়ন পরিষদ সম্পর্কিত বিদ্যমান আইনের বিভিন্ন ধারা সংশোধন ও হালনাগাদ করার সুযোগ তৈরি হলো।
সাম্প্রতিক সময়ে স্থানীয় সরকার ব্যবস্থাকে আরও কার্যকর, জবাবদিহিমূলক ও সময়োপযোগী করতে ধারাবাহিকভাবে বিভিন্ন আইন সংশোধন করা হচ্ছে। এই সংশোধন বিলও সেই প্রক্রিয়ার অংশ।
এ ছাড়া জাতীয় সংসদের চলমান অধিবেশনে একাধিক সংশোধনী বিল উত্থাপন ও পাস করা হচ্ছে, যার মাধ্যমে পূর্বে জারি করা বিভিন্ন অধ্যাদেশকে আইনে রূপ দেওয়া হচ্ছে।
এরই মধ্যে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (সংশোধন) বিল, বঙ্গবন্ধু ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশন (সংশোধন) বিল, বাংলাদেশ শ্রম (সংশোধন) বিল, পাবলিক প্রকিউরমেন্ট (সংশোধন) বিল, বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসী (সংশোধন) বিলসহ আরও বেশ কয়েকটি বিল সংসদে পাস হয়েছে।
বিইআরসি সংশোধনী বিল পাস
জাতীয় সংসদে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) সংশোধনী বিল-২০২৬ পাস হয়েছে।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) সংসদে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ বিলটি উত্থাপন করেন। পরে একাধিক গুরুত্বপূর্ণ বিলের সঙ্গে এ বিলটিও কণ্ঠভোটে পাস হয়।
অন্তর্বর্তী সরকারের জারি করা একটি অধ্যাদেশকে আইনে পরিণত করার অংশ হিসেবে বিলটি উত্থাপন করা হয়।