Thursday 09 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সালের ১০ বছরের কারাদণ্ড

স্টাফ করেসপন্ডেট
৯ এপ্রিল ২০২৬ ১৪:০৯

ঢাকা: ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ ওরফে রাহুল ওরফে দাউদকে অস্ত্র আইনের মামলায় ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ মাহমুদুল মোহসীন এ রায় ঘোষণা করেন। এর আগে গত রোববার উভয় পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে আদালত রায়ের জন্য এদিন নির্ধারণ করেছিলেন। পলাতক থাকায় ফয়সাল করিমের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানাও জারি রয়েছে।

মামলার তথ্য অনুযায়ী, ২০২৪ সালের ৭ নভেম্বর রাজধানীর আদাবরের বায়তুল আমান হাউজিং সোসাইটির একটি ফ্ল্যাটে অভিযান চালায় র‌্যাব-২। অভিযানের সময় পালানোর চেষ্টা করলে ফয়সাল করিমকে আটক করা হয়। পরে তার বাসায় তল্লাশি চালিয়ে চার রাউন্ড গুলিসহ একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

ঘটনার পরদিন র‌্যাবের হাবিলদার মশিউর রহমান আদাবর থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করেন। মামলায় উল্লেখ করা হয়, ফয়সাল করিম একজন চিহ্নিত অস্ত্রধারী সন্ত্রাসী, যিনি চাঁদাবাজি ও মাদক ব্যবসাসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন। অপরাধ সংঘটনের উদ্দেশ্যে তিনি অবৈধ আগ্নেয়াস্ত্র নিজের কাছে রাখতেন।

তদন্ত শেষে গত বছরের ২৮ মার্চ আদাবর থানার উপ-পরিদর্শক জাহিদ হাসান তাকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। বিচার চলাকালে ১৪ জন সাক্ষীর মধ্যে ১৩ জনের সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়।

গত বছরের ১৭ নভেম্বর পর্যন্ত এ মামলায় জামিনে ছিলেন ফয়সাল করিম। তবে ওসমান হাদি হত্যার ঘটনার পর থেকে তিনি আত্মগোপনে চলে যান। পরে গত মাসে তাকে ভারতে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গেছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর