ঢাকা: ঝিনাইদহ জেলার মহেশপুরে প্রেমিককে মারধর করে প্রেমিকাকে দলবদ্ধ ধর্ষনের মামলায় মো. শাওন (২০) নামের এক আসামিকে গ্রেফতার করেছে র্যাব-২।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকালে র্যাব-২ এর উপ-পরিচালক (মিডিয়া) মেজর এম মুবীন রহমান তাপস এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২৬ মার্চ রাতে ভিকটিম ও তার কথিত প্রেমিক বাড়ির পাশে দেখা করতে গেলে গ্রেফতার আসামি শাওন ও এজাহারনামীয় অন্যান্য আসামিরা ভয়-ভীতি দেখিয়ে কথিত প্রেমিককে মারধর করে ভিকটিমকে পাশের একটি জমিতে নিয়ে জোরপূর্বক তার ইচ্ছার বিরুদ্ধে একাধিকবার ধর্ষন করে। পরে এই ঘটনা কাউকে জানালে আসামিরা ভিকটিমকে প্রাণে মেরে ফেলার হুমকি ও ধর্ষণের দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেবে বলে হুমকি দেয়।
মেজর এম মুবীন রহমান তাপস বলেন, এই ঘটনায় ভিকটিমের ফুফু বাদী হয়ে মহেশপুর থানায় আসামিদের নাম উল্লেখসহ গত ১ এপ্রিল নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। মামলার পর থেকে আসামিরা আইন-শৃঙ্খলা বাহিনী হতে গ্রেফতার এড়াতে বিভিন্ন স্থানে আত্মগোপন করে।
গোপন তথ্যের ভিত্তিতে র্যাব-২ মামলার আসামি মো. শাওনকে গতকাল বুধবার রাতে রাজধানীর গুলশান থেকে গ্রেফতার করে। গ্রেফতার আসামির বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।