Thursday 09 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফুয়েল পাস পেতে জানুন নিবন্ধন প্রক্রিয়া

সিনিয়র করেসপন্ডেন্ট
৯ এপ্রিল ২০২৬ ১৭:১২

ঢাকা: দেশের জ্বালানি খাতে শৃঙ্খলা ও স্বচ্ছতা নিশ্চিত করতে সরকার কিউআর কোডভিত্তিক ‘ফুয়েল পাস’ পদ্ধতি চালু করেছে। মূলত নির্ধারিত বরাদ্দ অনুযায়ী তেল বিতরণ এবং অপচয় রোধেই এই আধুনিক উদ্যোগ নেওয়া হয়েছে। এই ব্যবস্থার মাধ্যমে এখন থেকে চালকরা তাদের জন্য বরাদ্দকৃত জ্বালানি ডিজিটাল তথ্য যাচাইয়ের মাধ্যমে সংগ্রহ করতে পারবেন। বর্তমানে রাজধানীর নির্দিষ্ট দুটি ফিলিং স্টেশনে মোটরসাইকেলের জন্য এই সেবা শুরু হলেও দ্রুতই এটি সারাদেশে ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা রয়েছে কর্তৃপক্ষের।

এই ডিজিটাল ফুয়েল পাসের জন্য নিবন্ধন প্রক্রিয়া অত্যন্ত সহজ। আপনি যদি একজন বাইকার হন এবং ঝামেলাহীনভাবে জ্বালানি সংগ্রহ করতে চান, আসুন জানেন নেই নিবন্ধনের প্রক্রিয়া:

বিজ্ঞাপন

নিবন্ধনের জন্য যা যা প্রয়োজন:

নিবন্ধনের জন্য যানবাহনের রেজিস্ট্রেশন নম্বর, চ্যাসিস ও ইঞ্জিন নম্বর, জাতীয় পরিচয়পত্র, উৎপাদনের বছর এবং একটি সচল মোবাইল নম্বর প্রয়োজন হবে। আবেদনকারীকে প্রথমে fuelpass.gov.bd ওয়েবসাইটে প্রবেশ করে যানবাহনের প্রয়োজনীয় তথ্যগুলো প্রদান করতে হবে। তথ্য সঠিকভাবে যাচাই হওয়ার পর মোবাইল নম্বরে আসা ওটিপি কোড দিয়ে ভেরিফিকেশন সম্পন্ন করে নিজের পছন্দমতো পাসওয়ার্ড সেট করলেই নিবন্ধন প্রক্রিয়া শেষ হবে।

১. প্রথমে আপনার স্মার্টফোন বা কম্পিউটার থেকে জ্বালানি বিতরণ ব্যবস্থাপনা সিস্টেমের নির্ধারিত ওয়েবসাইট fuelpass.gov.bd লিংকে প্রবেশ করুন।

২. তথ্য যাচাই: ওয়েবসাইটের পোর্টালে আপনার যানবাহনের রেজিস্ট্রেশন নম্বর, চ্যাসিস নম্বর, ইঞ্জিন নম্বর, এনআইডি এবং উৎপাদনের বছর সঠিকভাবে ইনপুট দিন। সব ঠিক থাকলে ‘যানবাহন যাচাই করুন’ অপশনে ক্লিক করুন।

৩. মোবাইল নম্বর ও ওটিপি: তথ্য মিলে গেলে আপনার মোবাইল নম্বরটি দিতে হবে। এরপর মোবাইলে আসা ওটিপি (এককালীন পাসওয়ার্ড) কোডটি নির্দিষ্ট ঘরে বসিয়ে যাচাই করুন।

৪. পাসওয়ার্ড সেট: সবশেষে নিজের পছন্দমতো একটি পাসওয়ার্ড সেট করে নিবন্ধন সম্পন্ন করুন।

নিবন্ধন হয়ে গেলে আপনি একটি নিজস্ব কিউআর কোড পাবেন। ফিলিং স্টেশনে তেল নেওয়ার সময় এই কোডটি প্রদর্শন করলেই স্বচ্ছতার সঙ্গে জ্বালানি সংগ্রহ করতে পারবেন।

এই পদ্ধতির ফলে পাম্পে দীর্ঘ যানজট ও কৃত্রিম সংকট কমার পাশাপাশি তেল চুরির সুযোগও বন্ধ হবে। বর্তমানে রাজধানীর তেজগাঁওয়ের ট্রাস্ট ফিলিং স্টেশন এবং আসাদগেটের সোনারবাংলা ফিলিং স্টেশনে এই কার্যক্রম পরীক্ষামূলকভাবে চলছে। সফল পর্যবেক্ষণ শেষে খুব শীঘ্রই এটি দেশের সকল যানবাহনের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে।

সারাবাংলা/এনএল/এনজে