ঢাকা: রফতানিমুখী খাত, বিশেষ করে তৈরি পোশাক শিল্পকে সহায়তা দিতে প্রি-শিপমেন্ট ক্রেডিট খাতে পুনঃঅর্থায়ন স্কিমের মেয়াদ ২০৩০ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ-১ থেকে এ সংক্রান্ত সার্কুলার জারি করা হয়েছে।
এর আগে ২০২০ সালে চালু হওয়া এ স্কিমের মেয়াদ ২০২৫ সালের ১২ এপ্রিল শেষ হয়। তবে বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তা, মধ্যপ্রাচ্য ও ইউরোপে চলমান সংঘাত এবং রফতানি খাতের বিদ্যমান চাপ বিবেচনায় মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নতুন নির্দেশনা অনুযায়ী, কেন্দ্রীয় ব্যাংকের নিজস্ব তহবিল থেকে গঠিত রফতানি সহায়ক প্রাক-অর্থায়ন তহবিল থেকে সর্বোচ্চ ৬৫ হাজার কোটি টাকা প্রি-শিপমেন্ট ক্রেডিট খাতে বরাদ্দ দেওয়া হবে। এ তহবিল থেকে ‘ফার্স্ট কাম, ফার্স্ট সার্ভ’ ভিত্তিতে ব্যাংকগুলো পুনঃঅর্থায়ন সুবিধা পাবে।
সার্কুলারে বলা হয়েছে, দেশের সব তফসিলি ব্যাংক এ সুবিধার আওতায় আসতে পারবে। তবে অংশগ্রহণে আগ্রহী ব্যাংকগুলোকে নতুন করে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে অংশগ্রহণ চুক্তি সম্পাদন করতে হবে। তহবিলের তদারকি ও ব্যবস্থাপনার দায়িত্ব পালন করবে ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ-৩।
এছাড়া, তহবিলটি আবর্তনযোগ্য (রিভলভিং) হিসেবে পরিচালিত হবে, ফলে নির্ধারিত সময়ের মধ্যে পুনঃব্যবহারযোগ্য থাকবে।
পুনঃঅর্থায়নের জন্য ব্যাংকগুলোকে প্রি-শিপমেন্ট ক্রেডিট বিতরণের এক সপ্তাহের মধ্যে আবেদন করতে হবে। তবে বিশেষ ক্ষেত্রে যথাযথ কারণ দেখিয়ে অতিরিক্ত ১৫ দিনের মধ্যে আবেদন করা যাবে।
অন্যদিকে, কোনো একক প্রতিষ্ঠান বা গ্রুপকে অতিরিক্ত সুবিধা দেওয়া ঠেকাতে ঋণের সীমাও নির্ধারণ করেছে কেন্দ্রীয় ব্যাংক। একক কোনো গ্রুপের অনুকূলে এ তহবিল থেকে বিতরণকৃত ঋণের স্থিতি কোনো সময়েই ৮ হাজার ২০০ কোটি টাকার বেশি হতে পারবে না।
এছাড়া, ব্যাংকগুলোকে ত্রৈমাসিক ভিত্তিতে ঋণ বিতরণ ও আদায়ের তথ্য নির্ধারিত সময়ের মধ্যে বাংলাদেশ ব্যাংকে জমা দিতে হবে।