ঢাকা: আবু সাঈদ হত্যা মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ঘোষিত রায়ে অসন্তোষ প্রকাশ করেছেন আসামিপক্ষের আইনজীবী আজিজুর রহমান দুলু।
তিনি বলেন, মামলার বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় রায়ে স্পষ্ট হয়নি এবং এসব বিষয় আপিলে নতুন করে উপস্থাপন করা হবে।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) রায় ঘোষণার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি এ মন্তব্য করেন।
মামলায় আসামি আনোয়ার পারভেজ, এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়ের পক্ষে আইনজীবী হিসেবে দুলু যুক্তিতর্ক উপস্থাপন করেন।
রায়ের সংক্ষিপ্ত অংশ অনুযায়ী, আনোয়ার পারভেজ একটি অভিযোগে হাজতবাসকালীন দণ্ড পেলেও অন্যান্য অভিযোগ থেকে খালাস পেয়েছেন। অন্যদিকে আমির হোসেন ও সুজন চন্দ্র পাঁচটি অভিযোগের মধ্যে চারটি থেকে খালাস পেলেও একটি অভিযোগে তাদের মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে।
আইনজীবী দুলু বলেন, তদন্তে জব্দ করা গেঞ্জিতে গুলির কোনো ছিদ্র পাওয়া যায়নি যা তারা আদালতে যুক্তি হিসেবে তুলে ধরেছেন। পাশাপাশি মরদেহে গুলিবিদ্ধ হওয়ার স্বাভাবিক কোনো চিহ্নও ছিল না বলে দাবি করেন তিনি। এক্স-রে বা রেডিওলজিক্যাল পরীক্ষা না হওয়ায় গুলির উপস্থিতি নিশ্চিত করা যায়নি বলেও উল্লেখ করেন।
তিনি আরও বলেন, লিখিত ও মৌখিক যুক্তিতর্কে যেসব ভিত্তিতে আসামিদের খালাস চাওয়া হয়েছিল, রায়ের সংক্ষিপ্ত অংশে সেসব বিষয়ের স্পষ্ট ব্যাখ্যা পাওয়া যায়নি। ট্রাইব্যুনাল কেবল সাবস্ট্যান্স অব ফাইন্ডিং ও অপারেটিভ পার্ট অব দ্য জাজমেন্ট ঘোষণা করেছে, পূর্ণাঙ্গ রায় এখনো প্রকাশিত হয়নি।
পূর্ণাঙ্গ রায়ের কপি সংগ্রহের জন্য ইতোমধ্যে আবেদন করা হয়েছে জানিয়ে দুলু বলেন, রায় হাতে পাওয়ার পর বিস্তারিত বিশ্লেষণ করে আপিল বিভাগে আবেদন করা হবে। আপিলে ন্যায়বিচার পাওয়া যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।