ঢাকা: দেশের সরকারি সিকিউরিটিজ বাজারে অর্থ সংগ্রহের অংশ হিসেবে ২০ বছর মেয়াদি বাংলাদেশ গভর্নমেন্ট ট্রেজারি বন্ড পুনঃইস্যুর নিলাম আগামী ১৩ এপ্রিল অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব কমিউনিকেশন্স অ্যান্ড পাবলিকেশন্স থেকে এ তথ্য জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ৩,০০০ কোটি টাকার অভিহিত মূল্যের এই ট্রেজারি বন্ডটি মূলত ২০ বছর মেয়াদি হলেও বর্তমানে এর অবশিষ্ট মেয়াদ ৫.৩৬ বছর। বন্ডটির ইস্যু তারিখ ২৪ আগস্ট ২০১১ এবং মেয়াদোত্তীর্ণের তারিখ ২৪ আগস্ট ২০৩১। এতে ১০.২৫ শতাংশ হারে কুপন নির্ধারিত রয়েছে (ISIN: BD0931081204)।
নিলামটি প্রাইস-ভিত্তিক পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। কেবলমাত্র সরকারি সিকিউরিটিজের প্রাইমারি ডিলার হিসেবে নিয়োগপ্রাপ্ত ব্যাংকগুলো সরাসরি বিড দাখিল করতে পারবে। তবে অন্যান্য ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান তাদের গ্রাহকদের পক্ষে প্রাইমারি ডিলারদের মাধ্যমে অংশ নিতে পারবে।
নির্ধারিত সময় অনুযায়ী, ১৩ এপ্রিল সকাল ১০টা থেকে দুপুর ১২টার মধ্যে ফাইন্যান্সিয়াল মার্কেট ইনফ্রাস্ট্রাকচার সিস্টেমের মাধ্যমে বিড দাখিল করতে হবে। বিশেষ পরিস্থিতিতে পূর্বানুমতি সাপেক্ষে সিল করা খামে ম্যানুয়াল বিড জমা দেওয়ার সুযোগও রাখা হয়েছে।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, নিলামে অংশগ্রহণের বিস্তারিত নির্দেশনা ইতোমধ্যে সংশ্লিষ্ট ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে জানানো হয়েছে।