Friday 10 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শেরপুর ও বগুড়ার নির্বাচন বাতিলের দাবি জামায়াতের

স্পেশাল করেসপন্ডেন্ট
১০ এপ্রিল ২০২৬ ১৫:০৩

ঢাকা: শেরপুর-৩ আসনের স্থগিত হওয়া নির্বাচন ও বগুড়া-৬ আসনের উপনির্বাচনে ব্যাপক ভোট ডাকাতি, ভোটকেন্দ্রে হামলা, দখল, জামায়াত নেতাকর্মীদের উপর হামলা ও হত্যাচেষ্টার প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে জামায়াতে ইসলামী।

শুক্রবার (১০ এপ্রিল) জুমার নামাজের পর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার বলেন, বগুড়া ও শেরপুরের নির্বাচনে প্রমাণ হয়েছে—দলীয় সরকারের অধীনে কোনো নির্বাচন সুষ্ঠু হতে পারে না। বৃহস্পতিবারের (৯ এপ্রিল) নির্বাচনে আওয়ামী দুঃশাসন এমনকি বিএনপির আমলে মাগুরার নির্বাচনকেও ছাড়িয়ে গেছে।

বিজ্ঞাপন

তিনি বগুড়া ও শেরপুরের নির্বাচন বাতিল করে নতুন করে নির্বাচনের তফসিল ঘোষণার দাবি জানান। একই সঙ্গে জামায়াত নেতাকর্মীদের ওপর হামলা চালিয়ে মৃত্যুর মুখে ঠেলে দেওয়ার সঙ্গে জড়িতদের গ্রেফতার ও শাস্তির দাবি জানান।

বিএনপির প্রতি আহ্বান জানিয়ে মিয়া গোলাম পরওয়ার বলেন, আমরা আপনাদের আহবান জানানো সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে আপনারা চলমান সংসদে শপথ গ্রহণ করুন। প্রধানমন্ত্রী রাষ্ট্রপতিকে অনুরোধ করুন তিনি সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহবান করুক। সেখানে গণভোটের রায় অনুযায়ী পুরো জুলাই সনদের সংস্কার প্রস্তাব উত্থাপিত হোক। সংবিধানের তফসিলে আইন হিসেবে অন্তর্ভুক্ত হোক। তাহলে এই সংকটের নিরসন হবে। সংবিধান সংস্কার পরিষদের দায়িত্ব শেষ হবে। এমপিরা পার্লামেন্টের মেম্বার হিসেবে পাঁচ বছর দায়িত্ব পালন করবেন। সেই সুযোগ এখনো আছে। রাজনৈতিক সব সংকট, সব বিতর্ক আমরা চাই জাতীয় সংসদে আলোচনা করে সমাধান হোক।

তিনি বলেন, আমরা এই সংকটকে রাজপথে নিতে চাইনি। কিন্তু আপনারা যখন আইন করে গণভোট বাতিল করেন, গুমের আইন বাতিল করেন, মানবাধিকার বাতিল করেন, রাষ্ট্রপতির আদেশ মানেন না। আমাদের আর কোনো উপায় নেই। পাঁচ কোটি জনগণ ভোট দিয়ে জুলাই সনদের যে রায় দিয়েছে সেই জনগণের কাছে যাওয়া ছাড়া আমাদের কোনো পথ নেই।

সংকট আপনারা তৈরি করেছেন, আপনাদেরই সংকটের সমাধান করতে হবে জানিয়ে জামায়াতের এই নেতা বলেন, ‘আপনি আসুন, এখনো জাতীয় সংসদে বিরোধীদলের সঙ্গে বসুন। আপনারা হ্যা ভোট দিয়েছেন। সেই অনুযায়ী জুলাই সনদ বাস্তবায়ন করুন।’

ঢাকা মহানগর উত্তর জামায়াতের আমির মুহাম্মদ সেলিম উদ্দিনের সভাপতিত্বে সেক্রেটারি ড. রেজাউল করিমের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন ঢাকা মহানগর দক্ষিণের নায়েবে আমির অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন, উত্তরের সেক্রেটারি ডা. রেজাউল করিম, দক্ষিণের সহকারী সেক্রেটারি ডা. আবদুল মান্নানসহ অন্যান্যরা।

এছাড়া সমাবেশে কেন্দ্রীয় ও মহানগরীর নেতারা উপস্থিত ছিলেন। সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর