লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের কমলনগরে পাওনা টাকাকে কেন্দ্র করে মো. কালু নামে এক ইটভাটা শ্রমিককে দোকানঘরের আড়ার সঙ্গে দুই হাত বেঁধে নির্যাতনের ঘটনা ঘটেছে।
শুক্রবার (১০ এপ্রিল) নির্যাতনের সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়।
এর আগে বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিকেলে উপজেলার তোরাবগঞ্জ ইউনিয়নের মৌলভীবাজার স্লুইসগেট এলাকায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী কালু কমলনগর উপজেলার চরকাদিরা ইউনিয়নের চরবসু বাদামতলী বাজার এলাকার বাসিন্দা।
অভিযুক্ত নির্যাতনকারী ইসমাইল হোসেন একজন ইটভাটা শ্রমিক সরবরাহকারী (মাঝি)। তার বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।
ভাইরাল হওয়া ৬ মিনিট ১৩ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, কালুর দুই হাত রশি দিয়ে ঝুলিয়ে বেঁধে লাঠি দিয়ে পেটানো হচ্ছে। এ সময় ইসমাইল মাঝি তাকে দিয়ে বিভিন্ন কথা বলিয়ে নেয় এবং অকথ্য ভাষায় গালিগালাজ করে।
স্থানীয় সূত্রে জানা যায়, চট্টগ্রামের একটি ইটভাটায় কাজ করার জন্য ইসমাইলের কাছ থেকে ৮০ হাজার টাকা অগ্রিম নিয়েছিলেন কালু। সম্প্রতি অসুস্থতার কারণে তিনি বাড়িতে চলে আসেন। বৃহস্পতিবার (৯ এপ্রিল) তাকে শ্বশুরবাড়ি থেকে ধরে এনে নিজের অফিসে বেঁধে নির্যাতন করেন ইসমাইল। পরে কালুর পরিবারের কাছে এক লাখ টাকা দাবি করা হয় এবং সাদা কাগজে সই নিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়।
ভুক্তভোগী কালু জানান, তাকে ধরে নিয়ে হাত বেঁধে মারধর করা হয়েছে। পুলিশ তাকে উদ্ধার করেছে এবং বর্তমানে অভিযুক্ত ইসমাইল পলাতক রয়েছেন।
অভিযুক্ত ইসমাইল হোসেন সাংবাদিকদের কাছে দাবি করেন, চট্টগ্রামের একটি ইটভাটায় কাজ করার চুক্তিতে বছরের শুরুতে কালুকে ৮০ হাজার টাকা অগ্রিম দেওয়া হয়েছিল। কিন্তু টাকা নিয়েও তিনি কাজে ফাঁকি দিয়ে প্রায়ই নানা অজুহাতে চলে আসতেন। তাকে দুই হাত বেঁধে ঝুলিয়ে রাখার কথা স্বীকার করলেও ইসমাইলের দাবি, খুব বেশি মারধর করা হয়নি; কেবল ভয় দেখানোর জন্য সামান্য বেত্রাঘাত করা হয়েছে।
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী জানান, ভিকটিমকে উদ্ধার করা হয়েছে। অভিযুক্ত ইসমাইলকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে।