Sunday 12 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

২১ ঘণ্টার আলোচনা শেষেও হয়নি শান্তিচুক্তি: মার্কিন ভাইস প্রেসিডেন্ট

আন্তর্জাতিক ডেস্ক
১২ এপ্রিল ২০২৬ ০৮:৫৪ | আপডেট: ১২ এপ্রিল ২০২৬ ০৯:১৯

যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স।

যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে টানা ২১ ঘণ্টার উচ্চপর্যায়ের আলোচনা কোনো শান্তিচুক্তি ছাড়াই শেষ হয়েছে। ইরান পারমাণবিক অস্ত্র উন্নয়ন না করার বিষয়ে মার্কিন শর্ত মানতে অস্বীকৃতি জানানোয় এ অচলাবস্থা তৈরি হয়েছে।

ভ্যান্স বলেন, ‘আমরা একটি স্পষ্ট অঙ্গীকার চাই—ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করবে না এবং সে সক্ষমতা অর্জনের পথেও এগোবে না। এটিই যুক্তরাষ্ট্রের মূল লক্ষ্য।’ আলোচনার পুরো সময়জুড়ে তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে একাধিকবার যোগাযোগে ছিলেন বলে জানান। এছাড়া পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, অর্থমন্ত্রী স্কট বেসেন্ট এবং সেন্টকম প্রধান অ্যাডমিরাল ব্র্যাড কুপারের সঙ্গেও তার নিয়মিত যোগাযোগ ছিল।

বিজ্ঞাপন

ইসলামাবাদে এক সংবাদ সম্মেলনে ভ্যান্স বলেন, যুক্তরাষ্ট্র একটি চূড়ান্ত ও সেরা প্রস্তাব দিয়েছে, এখন দেখার বিষয় ইরান তা গ্রহণ করে কি না। তবে ট্রাম্প ঘোষিত দুই সপ্তাহের যুদ্ধবিরতির মেয়াদ শেষে পরিস্থিতি কী হবে, সে বিষয়ে তিনি কিছু জানাননি।

দুই সপ্তাহের নাজুক যুদ্ধবিরতির মধ্যেই এই আলোচনা অনুষ্ঠিত হয়। মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়া এ যুদ্ধে হাজারো মানুষের প্রাণহানি ও বৈশ্বিক অর্থনীতিতে বড় ধাক্কা লেগেছে। পাকিস্তানি কর্মকর্তারা জানিয়েছেন, কিছু বিরতির পর প্রতিনিধিদলগুলোর প্রধানদের মধ্যে আবার আলোচনা শুরু হতে পারে। এদিকে উভয় পক্ষের কারিগরি পর্যায়ের বৈঠক এখনও চলছে।

যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন ভ্যান্স এবং ইরানের পক্ষ থেকে নেতৃত্ব দেন পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। আলোচনায় পাকিস্তানের ভূমিকা ছিল মধ্যস্থতাকারীর।

ইরান আলোচনায় কয়েকটি শর্ত তুলে ধরে, যার মধ্যে রয়েছে—মার্কিন-ইসরায়েলি হামলায় ক্ষয়ক্ষতির ক্ষতিপূরণ এবং ইরানের জব্দ করা সম্পদ মুক্ত করা। পাশাপাশি তারা দক্ষিণ লেবাননে ইসরায়েলের হামলা কমানোর বিষয়টিও গুরুত্ব দিয়েছে।

এদিকে হরমুজ প্রণালী ঘিরে উত্তেজনা অব্যাহত রয়েছে। বিশ্বে সরবরাহ হওয়া মোট তেলের প্রায় এক-পঞ্চমাংশ এই পথ দিয়ে পরিবাহিত হয়। জ্বালানি বাজারে অস্থিরতা বেড়েছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর