Sunday 12 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অর্থ পাচারের অভিযোগে পিডিবি’র সাবেক চেয়ারম্যানের সম্পদ জব্দের নির্দেশ

স্টাফ করেসপন্ডেট
১২ এপ্রিল ২০২৬ ১৩:৩২

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) এর সাবেক চেয়ারম্যান মো. বেলায়েত হোসেন।

ঢাকা: অবৈধ সম্পদ অর্জন ও অর্থ পাচারের অভিযোগে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) এর সাবেক চেয়ারম্যান মো. বেলায়েত হোসেন এবং তার পরিবারের সদস্যদের নামে থাকা স্থাবর সম্পদ ও ব্যাংক হিসাব জব্দের নির্দেশ দিয়েছেন আদালত।

রোববার (১২ এপ্রিল) ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ এ আদেশ দেন। আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপ-সহকারী পরিচালক ও তদন্ত কর্মকর্তা মো. রুবেল হোসেনের আবেদনের ভিত্তিতে এ আদেশ দেওয়া হয়। আদেশে বেলায়েত হোসেন ছাড়াও তার স্ত্রী ফারহানা হোসেন, মেয়ে রাহাত আরা রিতি, শামীম আরা নিতু এবং ছেলে মো. আদনান হোসেন নিপুর নামে থাকা সম্পদ ও ব্যাংক হিসাব জব্দের কথা উল্লেখ করা হয়েছে।

বিজ্ঞাপন

দুদকের আবেদনে বলা হয়, বেলায়েত হোসেনের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও বিদেশে অর্থ পাচারের অভিযোগে অনুসন্ধান চলছে। অনুসন্ধান সুষ্ঠুভাবে সম্পন্ন করতে তার ও পরিবারের সদস্যদের আয় ব্যয়ের বিস্তারিত তথ্য যাচাই প্রয়োজন।

এছাড়া আদালত ঢাকা ও কুমিল্লা অঞ্চলের সংশ্লিষ্ট আয়কর সার্কেলগুলোকে নির্দেশ দিয়েছেন, ২০১৩-১৪ থেকে ২০২৪-২৫ করবর্ষ পর্যন্ত তাদের দাখিল করা আয়কর নথির সত্যায়িত অনুলিপি দুদকের কাছে পাঠাতে।

দুদক সূত্র জানায়, সাবেক এই কর্মকর্তার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির মাধ্যমে বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জনের প্রাথমিক প্রমাণ মিলেছে। এসব সম্পদ যাতে হস্তান্তর বা স্থানান্তর করা না যায়, সেজন্যই আদালত জব্দ ও ব্যাংক হিসাব অবরুদ্ধ করার নির্দেশ দিয়েছেন।

এদিকে, দুদকের পক্ষে আদালতে শুনানি করেন পাবলিক প্রসিকিউটর মীর আহমেদ আলী সালাম। মামলার পরবর্তী কার্যক্রমের জন্য সংশ্লিষ্ট ব্যাংক ও সাব-রেজিস্ট্রি অফিসে আদালতের আদেশ পাঠানোর প্রক্রিয়া চলছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর