Sunday 12 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বন্ধ জুট মিলগুলো চালুর ব্যাপারে উদ্যোগ নিয়েছে সরকার: প্রতিমন্ত্রী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১২ এপ্রিল ২০২৬ ২৩:১৪

নীলফামারীর দারোয়ানী টেক্সটাইল মিল পরিদর্শনে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. শরিফুল আলম।

নীলফামারী: নীলফামারীর দারোয়ানী টেক্সটাইল মিল, দিনাজপুর ও রাজশাহীর টেক্সটাইল মিলসহ দেশের সমস্ত জুট মিল চালুর ব্যাপারেও উদ্যোগ নিয়েছে সরকার বলে জানিয়েছেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. শরিফুল আলম।

রোববার (১২ এপ্রিল) সকালে দারোয়ানী টেক্সটাইল মিল পরিদর্শন শেষে এই তথ্য জানান তিনি। ত

বিগত সরকারের বিভিন্ন ব্যর্থতার মধ্যে এই মিলগুলো বন্ধ হয়ে যাওয়া উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, এই মিলগুলোকে সচল করতে কাজ করছে সরকার। টেক্সটাইল মিল চালুর জন্য ইতোমধ্যেই বিনিয়োগকারী পাওয়া গেছে।

প্রতিমন্ত্রী বলেন, আগামী তিন মাসের মধ্যে বন্ধ থাকা দারোয়ানী টেক্সটাইল মিল চালুর ব্যাপারে উদ্যোগ নিয়েছে সরকার। একই সঙ্গে দিনাজপুর ও রাজশাহীর টেক্সটাইল মিলসহ দেশের সমস্ত জুট মিল চালুর ব্যাপারেও উদ্যোগ নিয়েছে সরকার। এ ছাড়াও পাটের সুদিন ফিরিয়ে আনতে কাজ করছে সরকার। কৃষকরা যেন পাটের ন্যায্য মূল্য পায় সেটাতে জোর দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

এ ছাড়া পলিথিন নির্মূলে পাটের পণ্য ব্যবহারের ওপর ধীরে ধীরে জনসচেতনতা তৈরি করা হবে বলেও জানিয়েছেন প্রতিমন্ত্রী।

তিনি আরও বলেন, সব ধরনের প্লাস্টিক পণ্য ব্যবহারে আমরা নিরুৎসাহিত করছি। আমরা আগামী দিনে পাটের জিনিসপত্র ব্যবহার বৃদ্ধির লক্ষ্যে কাজ করব। দেশীয় বিভিন্ন পাটজাত পণ্যের ব্যবহার কীভাবে বৃদ্ধি করা যায় সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠানকে উৎসাহিত করা হবে। ইতোমধ্যে দেশের অনেক উদ্যোক্তা ও শিল্প প্রতিষ্ঠান যারা পাটের জিনিসপত্র তৈরি ও বাজারজাত করছে তাদের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান সাক্ষাৎকার করেছেন। দ্রুত একটি বড় পরিকল্পনা হাতে নেওয়া হবে।

এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন নীলফামারী-২ (সদর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আলফারুক আব্দুর লতিফ, বস্ত্র ও পাট মন্ত্রণালয় সচিব বিলকিস জাহান রিমি, নীলফামারী জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. সাইদুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) এ বি এম ফয়জুল ইসলামসহ বিভিন্ন কর্মকর্তারা।

সারাবাংলা/এইচআই