Monday 13 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এপ্রিলের ১২ দিনে রেমিট্যান্স এসেছে ১৪৩৭ মিলিয়ন ডলার

স্টাফ করেসপন্ডেন্ট
১৩ এপ্রিল ২০২৬ ১৯:০৫

ঢাকা: চলতি এপ্রিল মাসের প্রথম ১২ দিনে দেশে প্রবাসী আয় বা রেমিট্যান্স প্রবাহে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি দেখা গেছে। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্যে জানা গেছে, ১ থেকে ১২ এপ্রিল ২০২৬ পর্যন্ত দেশে মোট রেমিট্যান্স এসেছে ১ হাজার ৪৩৭ মিলিয়ন মার্কিন ডলার। এর মধ্যে শুধু ১২ এপ্রিল একদিনেই এসেছে ২১৯ মিলিয়ন ডলার।

সোমবার (১৩ এপ্রিল) বাংলা‌দেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হো‌সেন খান এ তথ্য জানান।

তথ্য অনুযায়ী, গত বছরের একই সময়ে (১–১২ এপ্রিল ২০২৫) রেমিট্যান্স এসেছিল ১,০৫২ মিলিয়ন ডলার। সে তুলনায় চলতি বছরে একই সময়ে রেমিট্যান্স বেড়েছে প্রায় ৩৬.৫ শতাংশ।

এদিকে, চলতি ২০২৫-২৬ অর্থবছরের শুরু থেকে ১২ এপ্রিল পর্যন্ত মোট রেমিট্যান্স এসেছে ২৭ হাজার ৬৪৫ মিলিয়ন ডলার। যা গত অর্থবছরের একই সময়ে (জুলাই ২০২৪ থেকে ১২ এপ্রিল ২০২৫) ছিল ২২ হাজার ৮৩৮ মিলিয়ন ডলার। অর্থাৎ, অর্থবছরের এ সময় পর্যন্ত রেমিট্যান্স প্রবৃদ্ধি দাঁড়িয়েছে ২১.১ শতাংশ।

বিজ্ঞাপন

বিশ্লেষকরা বলছেন, বৈধ চ্যানেলে রেমিট্যান্স পাঠাতে প্রণোদনা বৃদ্ধি, হুন্ডি প্রতিরোধে কঠোর নজরদারি এবং প্রবাসী আয় পাঠানোর প্রক্রিয়া সহজ হওয়ায় এ প্রবৃদ্ধি অর্জিত হয়েছে।

তারা মনে করছেন, এ ধারা অব্যাহত থাকলে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে রেমিট্যান্স।

সারাবাংলা/এসএ/এসআর
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর