ঢাকা: ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)-এর সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপস এবং তার স্ত্রী আফরিন তাপস-এর নামে থাকা ছয়টি ক্রেডিট কার্ডের ডেবিট কার্যক্রম বন্ধ (ব্লক) করার নির্দেশ দিয়েছেন আদালত।
সোমবার (২০ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজ দুদকের আবেদনের পর এ আদেশ দেন।
সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
দুদকের সহকারী পরিচালক ও মামলার তদন্ত কর্মকর্তা মো. ফেরদৌস রহমান এদিন পৃথক দুটি আবেদন করেন।
আবেদনে বলা হয়, তাপস ও তার স্ত্রীর ব্যবহৃত ক্রেডিট কার্ডগুলোর মাধ্যমে ব্যাংক থেকে অর্থ উত্তোলনের চেষ্টা করা হচ্ছে। এ অবস্থায় তদন্ত চলাকালে যেন তারা কোনো অর্থ উত্তোলন করতে না পারেন, সে জন্য কার্ডগুলোর ডেবিট কার্যক্রম বন্ধ করা জরুরি। অন্যথায় তদন্ত কার্যক্রম বাধাগ্রস্ত হতে পারে।
উল্লেখ্য, গত বছরের ৫ জানুয়ারি জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে তাপস ও তার স্ত্রী আফরিনের বিরুদ্ধে মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
মামলায় অভিযোগ করা হয়, ক্ষমতার অপব্যবহার করে তাপস প্রায় ৭৩ কোটি ১৯ লাখ ৬৭ হাজার টাকার অবৈধ সম্পদ অর্জন করেছেন। এছাড়া তার ২৭টি ব্যাংক হিসাবে ৫৩৯ কোটির বেশি টাকা এবং উল্লেখযোগ্য পরিমাণ বৈদেশিক মুদ্রার অস্বাভাবিক লেনদেনের তথ্য পাওয়া গেছে।
অন্যদিকে, তার স্ত্রী আফরিন তাপসের বিরুদ্ধে প্রায় ৬ কোটি ৪০ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। তার নয়টি ব্যাংক হিসাবের মাধ্যমে প্রায় ৭০ কোটি টাকার বেশি লেনদেনের তথ্যও তদন্তে উঠে এসেছে।