Wednesday 22 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রামে শিবিরের ‘হামলার’ প্রতিবাদে জাবিতে ছাত্রদলের বিক্ষোভ

জাবি করেসপন্ডেন্ট
২২ এপ্রিল ২০২৬ ০৮:৩৬

জাবি: চট্টগ্রাম সরকারি সিটি কলেজে সাধারণ শিক্ষার্থী ও ছাত্রদল নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্রদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২২ এপ্রিল) রাত সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্রনাথ চত্বর থেকে মিছিলটি শুরু হয়। পরে এটি ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ছাত্রী হল হয়ে শহিদ সালাম বরকত হলের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। এতে প্রায় দুই শতাধিক নেতাকর্মী অংশগ্রহণ করেন।

মিছিল চলাকালে অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগানে মুখরিত করেন। স্লোগানগুলোর মধ্যে ছিল—’জিয়ার সৈনিক, এক হও এক হও’, ‘গুপ্ত রাজনীতির ঠিকানা, এই বাংলায় হবে না’, ‘সন্ত্রাসীদের কালো হাত, ভেঙে দাও, গুঁড়িয়ে দাও’ এবং ‘পেশিশক্তির রাজনীতি বন্ধ করো, করতে হবে’।

বিজ্ঞাপন

বিক্ষোভ সমাবেশে বিশ্ববিদ্যালয়ের আইন ও বিচার বিভাগের শিক্ষার্থী সৈয়দা অনন্যা ফারিয়া বলেন, ‘যে সময়ে দেশে সুস্থ ও সুন্দর রাজনৈতিক চর্চা হওয়ার কথা, সে সময়ে একই ধরনের সহিংসতার পুনরাবৃত্তি দেখা যাচ্ছে। এ ধরনের রাজনীতি ক্যাম্পাস ও দেশকে অস্থিতিশীলতার দিকে ঠেলে দিচ্ছে। আমরা দুঃখিত, মর্মাহত ও ক্ষুব্ধ। সংশ্লিষ্টদের প্রতি আহ্বান, তারা যেন সহিংসতার পথ থেকে ফিরে আসে।’

বিক্ষোভ মিছিলের এক পর্যায়ে ছাত্রদলকর্মী রাকিব হোসাইন বলেন, ‘চট্টগ্রামে ছাত্রশিবিরের নৃশংস হামলার প্রতিবাদ জানাচ্ছি। ৫ আগস্ট-পরবর্তী বাংলাদেশে কাউকে ত্রাসের রাজত্ব কায়েম করতে দেওয়া হবে না। প্রকাশ্য রাজনীতি করতে না পেরে ছাত্রশিবির গুপ্ত কৌশল নিয়েছে, যা দেশের রাজনীতিকে ভয়ংকর পথে এগিয়ে নিচ্ছে। শিক্ষার্থীরা শিবিরের এই মোনাফেকি গুপ্ত রাজনীতি প্রত্যাখ্যান করবে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদল শিক্ষার্থীদের নিয়ে এই সন্ত্রাস রুখে দেবে।’

বিক্ষোভ মিছিলের নেতৃত্বে থাকা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক জহির উদ্দিন মোহাম্মদ বাবর বলেন, ‘চট্টগ্রাম সিটি কলেজে সাধারণ শিক্ষার্থী ও ছাত্রদল নেতাকর্মীদের ওপর বর্বরোচিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। যারা পরিকল্পিতভাবে দেশের শিক্ষাঙ্গনগুলোকে অস্থিতিশীল করার অপচেষ্টা চালাচ্ছে, তাদের বিরুদ্ধে সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে ছাত্রদল কঠোর প্রতিরোধ গড়ে তুলবে। ছাত্রশিবির তাদের পুরনো পেশিশক্তির রাজনীতিতে ফিরে যাচ্ছে, যা দেশকে অস্থিতিশীলতার দিকে ঠেলে দিচ্ছে—এর দায় তারা এড়াতে পারবে না।’

সমাবেশে উপস্থিত ছিলেন জাবি শাখা ছাত্রদলের আহ্বায়ক জহির উদ্দিন মোহাম্মদ বাবর, সদস্য সচিব ওয়াসিম আহমেদ অনীক, শাখা ছাত্রদলের একাধিক যুগ্ম আহ্বায়কসহ সংগঠনের দুই শতাধিক নেতাকর্মী।

উল্লেখ্য, চট্টগ্রাম সরকারি সিটি কলেজ ক্যাম্পাসে গ্রাফিতি নষ্ট করা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে লেখালেখির জেরে বিকেলে কলেজ ক্যাম্পাসের সামনে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

সারাবাংলা/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর