Thursday 23 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

২২ দিনে প্রবাসী আয় এসেছে ২৯ হাজার ৫০০ কোটি টাকা

স্টাফ করেসপন্ডেন্ট
২৩ এপ্রিল ২০২৬ ১৮:৪২

– ছবি : প্রতীকী

ঢাকা: দেশে প্রবাসী আয়ের ইতিবাচক ধারা অব্যাহত রয়েছে। চলতি বছরের এপ্রিল মাসের প্রথম ২২ দিনেই প্রবাসী বাংলাদেশিরা প্রায় ২৯ হাজার ৫০০ কোটি টাকার সমপরিমাণ বৈদেশিক মুদ্রা দেশে পাঠিয়েছেন।

বৃহস্প‌তিবার (২৩ এপ্রিল) বাংলা‌দেশ ব্যাং‌কের মুখপাত্র আ‌রিফ হো‌সেন খান এ তথ্য জানান।

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্যে দেখা গেছে, এপ্রিলের ২২ দিনে রেমিট্যান্স এসেছে ২.৪২ বিলিয়ন (২৪১ কোটি ৭০ লাখ) মার্কিন ডলার। প্রতি ডলার ১২২ টাকা ধরে যার পরিমাণ দাঁড়ায় ২৯ হাজার ৪৮৭ কোটি ৪০ লাখ টাকা।

গত বছরের একই সময়ে দেশে এসেছিল ২০৫ কোটি ৩০ লাখ ডলার। সে হিসাবে এক বছরের ব্যবধানে রেমিট্যান্স বেড়েছে ৩৬ কোটি ৪০ লাখ ডলার, যা টাকার অঙ্কে প্রায় ৪ হাজার ৪৪০ কোটি ৮০ লাখ টাকা বেশি।

বিজ্ঞাপন

এর আগে চলতি বছরের মার্চ মাসে দেশের ইতিহাসে সর্বোচ্চ রেমিট্যান্স আসে। ওই মাসে প্রবাসীরা দেশে পাঠান ৩.৭৫ বিলিয়ন মার্কিন ডলার। এর আগের রেকর্ড ছিল ২০২৫ সালের মার্চে ৩.২৯ বিলিয়ন ডলার এবং একই বছরের ডিসেম্বরে ৩.২২ বিলিয়ন ডলার।

বাংলাদেশ ব্যাংক সূত্র জানায়, সাম্প্রতিক সময়ে ডলারের বিপরীতে টাকার বিনিময় হার বেড়ে যাওয়ায় প্রবাসীরা দেশে টাকা পাঠাতে বেশি আগ্রহী হচ্ছেন। এতে রেমিট্যান্স প্রবাহে গতি এসেছে।

অর্থনীতিবিদরা বলছেন, মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার কারণে বৈদেশিক মুদ্রাবাজারে চাপ তৈরি হলেও রেমিট্যান্স প্রবাহ এখনো ইতিবাচক রয়েছে। তবে সংকট দীর্ঘস্থায়ী হলে তা দেশের অর্থনীতিতে প্রভাব ফেলতে পারে। তাই বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী রাখার ওপর গুরুত্বারোপ করেছেন তারা।

সারাবাংলা/এসএ/এসআর
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর