Sunday 20 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

স্টার্টআপে বিনিয়োগ বাড়াতে ব্যাংকগুলোর প্রতি আহ্বান গভর্নরের

স্টাফ করেসপন্ডেন্ট
১২ মে ২০২৬ ১৩:০৮
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: দেশের স্টার্টআপ খাতকে এগিয়ে নিতে ব্যাংকগুলোর সক্রিয় সহযোগিতার প্রশংসা করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান।

তিনি বলেছেন, শুরুতে নানা চ্যালেঞ্জ থাকলেও অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ (এবিবি) ও সংশ্লিষ্ট ব্যাংকগুলোর উদ্যোগে স্টার্টআপ ইনভেস্টমেন্ট কোম্পানি দ্রুত বাস্তব রূপ পেয়েছে।

মঙ্গলবার (১২ মে) বাংলাদেশ স্টার্টআপ ইনভেস্টমেন্ট কোম্পানি লিমিটেডের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

গভর্নর বলেন, ২০২১ সালে বাংলাদেশ ব্যাংক ৫০০ কোটি টাকার একটি স্টার্টআপ ফান্ড গঠন করেছিল। তবে সেটি প্রত্যাশিত সফলতা পায়নি। পরে সব তফসিলি ব্যাংককে মুনাফার ১ শতাংশ স্টার্টআপ খাতে বিনিয়োগের জন্য সংরক্ষণের নির্দেশনা দেওয়া হয়।

বিজ্ঞাপন

তিনি বলেন, এরপর বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা), স্টার্টআপ বাংলাদেশ, বাংলাদেশ ভেঞ্চার ক্যাপিটালসহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিদের নিয়ে বৈঠকে নতুন কোম্পানি গঠনের সিদ্ধান্ত হয়। ২০২৫ সালের জুলাইয়ে বাংলাদেশ ব্যাংক এ বিষয়ে মাস্টার সার্কুলার জারি করে। পরে স্টার্টআপ ডেভেলপমেন্ট ইউনিটের তত্ত্বাবধানে পরামর্শক নিয়োগের মাধ্যমে কোম্পানিটি গঠনের প্রক্রিয়া সম্পন্ন হয়।

গভর্নর আরও বলেন, এবিবির নেতারা নির্ধারিত সময়ের আগেই রোডম্যাপ জমা দিয়ে উদ্যোগ বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।

তিনি আশা প্রকাশ করেন, ‘ক্যাপিটাল ফর দ্য নেক্সট জেনারেশন’ স্লোগান নিয়ে যাত্রা শুরু করা কোম্পানিটি দেশের নতুন উদ্যোক্তাদের জন্য কার্যকর প্ল্যাটফর্ম হবে।

তিনি স্টার্টআপ বিনিয়োগে গ্রামীণ অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলতে পারে— এমন প্রকল্পকে অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে তিনি ক্যাশলেস সমাজ গঠনের পরিকল্পনার কথাও তুলে ধরেন। গভর্নর জানান, আগামী ৩০ জুনের পর দেশে কোনো ধরনের পৃথক বা প্রোপাইটারি কিউআর কোড ব্যবহার করা যাবে না।

শুধু বাংলাদেশ ব্যাংকের ‘বাংলা কিউআর’ ব্যবহারের অনুমতি থাকবে। এর ফলে বিভিন্ন অপারেটরের গ্রাহক ও মার্চেন্টদের মধ্যে আন্তঃলেনদেন আরও সহজ হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর