ঢাকা: দেশের ব্যাংক খাত থেকে দীর্ঘমেয়াদি ঋণ সংগ্রহে আবারও ১০ বছর মেয়াদি বাংলাদেশ গভর্নমেন্ট ট্রেজারি বন্ড রি-ইস্যু করতে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক। এ লক্ষ্যে আগামী ১৪ মে (বৃহস্পতিবার) ৩ হাজার কোটি টাকার ট্রেজারি বন্ড বিক্রির নিলাম অনুষ্ঠিত হবে।
বুধবার (১৩ মে) বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব কমিউনিকেশন্স অ্যান্ড পাবলিকেশন্স থেকে জারি করা এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ১০ বছর মেয়াদি ট্রেজারি বন্ডটি মূলত ১৯ মার্চ ২০২৫ সালে ইস্যু করা হয়েছিল। বর্তমানে এর অবশিষ্ট মেয়াদ রয়েছে ৮ দশমিক ৮৪ বছর। বন্ডটির মেয়াদপূর্তির তারিখ ১৯ মার্চ ২০৩৫ এবং এর কুপন হার নির্ধারণ করা হয়েছে ১২ দশমিক ০৫ শতাংশ। বন্ডটির আন্তর্জাতিক সিকিউরিটিজ শনাক্তকরণ নম্বর (ISIN) হচ্ছে— BD0935371106।
বাংলাদেশ ব্যাংক জানায়, এ নিলাম হবে সম্পূর্ণ ‘প্রাইস-ভিত্তিক’। অর্থাৎ বিনিয়োগকারীরা প্রতি ১০০ টাকা অভিহিত মূল্যের বিপরীতে যে দামে বন্ড কিনতে আগ্রহী, সেই মূল্য উল্লেখ করে বিড জমা দেবেন।
নিলামে সরাসরি অংশ নিতে পারবে শুধুমাত্র প্রাইমারি ডিলার (পিডি) ব্যাংকগুলো। তবে অন্যান্য ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানও তাদের ব্যক্তি ও প্রাতিষ্ঠানিক গ্রাহকদের পক্ষে পিডি ব্যাংকের মাধ্যমে বিড জমা দিতে পারবে। বিশেষ করে যেসব বিনিয়োগকারীর বাংলাদেশ ব্যাংকে সরাসরি চলতি হিসাব নেই, তারা এই ব্যবস্থার আওতায় অংশ নিতে পারবেন।
বিড জমা নেওয়া হবে আগামী বৃহস্পতিবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত। বাংলাদেশ ব্যাংকে স্থাপিত ফিন্যান্সিয়াল মার্কেট ইনফ্রাস্ট্রাকচার প্ল্যাটফর্মের মাধ্যমে ইলেকট্রনিক পদ্ধতিতে বিড দাখিল করতে হবে। তবে বিশেষ পরিস্থিতিতে সংশ্লিষ্ট বিভাগের পূর্বানুমতি সাপেক্ষে আগের মতো সিলগালা খামে ম্যানুয়াল বিড জমার সুযোগও রাখা হয়েছে।
কেন্দ্রীয় ব্যাংক আরও জানিয়েছে, নিলামে অংশগ্রহণের বিস্তারিত নির্দেশনা ইতোমধ্যে প্রাইমারি ডিলার ব্যাংকসহ সংশ্লিষ্ট ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে পাঠানো হয়েছে।