ঢাকা: ঢাকার মোহাম্মদপুরে ট্রাকচালক মো. হোসেন হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি পিছিয়েছে। আদালত নতুন তারিখ হিসেবে আগামী ২৫ জুন ধার্য করেছেন।
বৃহস্পতিবার (২১ মে) ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক রবিউল আলম রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। এদিন মামলায় অভিযোগ গঠনের শুনানির জন্য নির্ধারিত ছিল।
শুনানির সময় কারাগারে থাকা সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ও সাবেক সংসদ সদস্য সাদেক খানকে আদালতে হাজির করা হয়। সকাল সাড়ে ৯টার দিকে প্রিজনভ্যানে করে পলক-কে আদালতে আনা হলে তিনি সাংবাদিকদের বলেন, তিনি হাসপাতাল থেকে এসেছেন এবং দোয়া চান।
রাষ্ট্রপক্ষের আইনজীবী ওমর ফারুক ফারুকী আদালতে বদিউল আলম নামে এক আসামিকে হাজির করতে প্রোডাকশন ওয়ারেন্টের আবেদন জানান। পাশাপাশি অভিযোগ গঠনের শুনানি পেছানোর আবেদনও করা হয়। পরে আদালত উভয় বিষয় বিবেচনায় নিয়ে নতুন তারিখ নির্ধারণ করেন।
মামলার নথি অনুযায়ী, ২০২৪ সালের ১৯ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে মোহাম্মদপুরের চাঁদ উদ্যান এলাকায় গুলিতে নিহত হন ট্রাকচালক মো. হোসেন। তিনি গাবতলীতে ট্রাক রেখে বাসায় ফেরার পথে ঘটনাস্থলে গুলিবিদ্ধ হয়ে মারা যান।
এ ঘটনায় ২০২৪ সালের ৩১ আগস্ট তার মা রীনা বেগম মোহাম্মদপুর থানায় হত্যা মামলা করেন। পরে ২০২৫ সালের ২৩ নভেম্বর তদন্ত কর্মকর্তা আদালতে শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন।
মামলায় মোট ৩৪ আসামির মধ্যে শেখ হাসিনাসহ ২০ জন পলাতক রয়েছেন, যাদের বিরুদ্ধে গত ২৬ জানুয়ারি গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। পলাতকদের মধ্যে সাবেক মন্ত্রী ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামাল, হাসান মাহমুদ, জাহাঙ্গীর কবির নানকসহ আওয়ামী লীগ ও ছাত্রলীগের বেশ কয়েকজন শীর্ষ নেতা রয়েছেন। চারজন বর্তমানে কারাগারে এবং ১০ জন জামিনে আছেন।