ঢাকা: কুটির, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ (সিএমএসএমই) খাতে অর্থায়ন বাড়াতে রাষ্ট্রীয় মালিকানাধীন বাণিজ্যিক ব্যাংক ও বিশেষায়িত ব্যাংকগুলোর জন্য পুনঃঅর্থায়ন সুবিধার শর্ত শিথিল করেছে বাংলাদেশ ব্যাংক।
রোববার (২৪ মে) বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস ডিপার্টমেন্ট থেকে এ-সংক্রান্ত একটি সার্কুলার জারি করা হয়।
সার্কুলারে বলা হয়েছে, অর্থনৈতিক প্রবৃদ্ধিতে সিএমএসএমই খাতের অবদান বাড়ানো এবং প্রান্তিক পর্যায়ে কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণের লক্ষ্যেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে বাংলাদেশ ব্যাংকের সিএমএসএমই পুনঃঅর্থায়ন তহবিল থেকে রাষ্ট্রীয় মালিকানাধীন বাণিজ্যিক ব্যাংক ও বিশেষায়িত ব্যাংকগুলো অংশগ্রহণকারী প্রতিষ্ঠান হিসেবে সুবিধা পেতে পারবে।
এ জন্য ২০২৫ সালের ১৭ মার্চ জারি করা এসএমইএসপিডি সার্কুলার নং–০১–এর ১৪.৪.২ অনুচ্ছেদের কয়েকটি শর্ত থেকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত অব্যাহতি দেওয়া হয়েছে।
শিথিল করা শর্তগুলোর মধ্যে রয়েছে—শ্রেণিবিন্যাসিত ঋণ বা বিনিয়োগের হার সর্বোচ্চ ২০ শতাংশে সীমিত রাখার বাধ্যবাধকতা এবং বাংলাদেশ ব্যাংক নির্ধারিত হারে মূলধন পর্যাপ্ততা, নগদ সংরক্ষণ হার (সিআরআর) ও বিধিবদ্ধ তরল সম্পদ সংরক্ষণ হার (এসএলআর) যথাযথভাবে বজায় রাখার শর্ত।
কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১–এর ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এ নির্দেশনা জারি করা হয়েছে।
নতুন এই সিদ্ধান্তের ফলে রাষ্ট্রীয় ব্যাংকগুলোর সিএমএসএমই খাতে ঋণ বিতরণ ও পুনঃঅর্থায়ন সুবিধা গ্রহণের সুযোগ বাড়বে বলে সংশ্লিষ্টরা মনে।