ঢাকা: চারটি বড় প্রকল্পের আওতায় বাংলাদেশকে ১৪০ কোটি ডলার ঋণ দেবে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)।
রোববার (২৪ মে) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) এবং এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) এর মধ্যে এ-সংক্রান্ত একটি দ্বিপাক্ষিক চুক্তি সই করা হয়েছে। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে অর্থমন্ত্রী বলেছেন, মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক যুদ্ধের বিরূপ পরিস্থিতিতে এডিবির দ্রুত এবং সময়োপযোগী অর্থনৈতিক সাড়া ও অর্থায়ন দেশের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। বহুপাক্ষিক উন্নয়ন সহযোগী সংস্থাগুলোর মধ্যে এডিবির এ দ্রুত সহযোগিতা খুবই প্রশংসনীয়।
অর্থমন্ত্রী জানান, সোমবার (২৫ মে) এডিবি’র প্রেসিডেন্ট এর সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ হওয়ার কথা রয়েছে। ওই সাক্ষাতে দেশব্যাপী সমন্বিত উন্নয়ন প্রকল্পের বিষয়ে ঘোষণা দেওয়া হবে। দীর্ঘমেয়াদী এ প্রকল্পটি বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার এবং উন্নয়ন পরিকল্পনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ, যা দেশের মানুষের ভাগ্য উন্নয়নে বড় অবদান রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি ।
অনুষ্ঠানে জানানো হয়, চুক্তির আওতায় দেশের অর্থনৈতিক ব্যবস্থাপনা, সামাজিক সুরক্ষা এবং অবকাঠামোগত উন্নয়নের লক্ষ্যে ৪টি বড় প্রকল্পে ১৪০ কোটি ডলার অর্থায়ন ও সহযোগিতা নিশ্চিত করা হবে।
চুক্তি সই হওয়া প্রকল্পগুলো হচ্ছে- স্ট্রেনদেনিং ইকোনমিক ম্যানেজমেন্ট অ্যান্ড গভর্ন্যান্স প্রোগ্রাম (সাব-প্রোগ্রাম ২);
সেকেন্ড স্ট্রেনদেনিং সোশ্যাল রেজিলিয়েন্স প্রোগ্রাম (সাব-প্রোগ্রাম ২);
সাসেক ঢাকা-সিলেট করিডোর রোড প্রজেক্ট এবং
নারায়ণগঞ্জ গ্রিন অ্যান্ড রেজিলিয়েন্ট আরবান ডেভেলপমেন্ট প্রজেক্ট।