ঢাকা: দেশে বিদ্যমান বিচারহীনতার সংস্কৃতি, রাজনৈতিক সহিংসতা, অনিরাপদ ঈদযাত্রা এবং কোরবানির বর্জ্য ব্যবস্থাপনায় দীর্ঘদিনের অনিয়ম থেকে বেরিয়ে আসতে রাষ্ট্রীয় কাঠামোগত সংস্কারের জোর দাবি জানিয়েছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)।
রোববার (২৪ মে) সন্ধ্যায় রাজধানীর বিজয়নগরে এবি পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদ এ দাবি ও উদ্বেগের কথা তুলে ধরেন।
তিনি বলেন, অপরাধ, সহিংসতা ও সামাজিক অবক্ষয়ের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ না নিলে দেশে নতুন নতুন ‘রামিসা ঘটনার’ পুনরাবৃত্তি ঠেকানো কোনোভাবেই সম্ভব হবে না। দেশজুড়ে মানুষের ক্ষোভ ও উদ্বেগ কোনোভাবেই কমছে না, কারণ বিচারহীনতার যে কাঠামোগত সংস্কৃতি রাষ্ট্রে গড়ে উঠেছে, তাতে জনগণ আর আশ্বস্ত হতে পারছে না। ধর্ষণ, হত্যা, মাদক ও চাঁদাবাজির মতো অপরাধগুলো পরস্পর-সম্পর্কযুক্ত এবং এসব অপরাধের রাজনৈতিক ও সামাজিক ভিত্তি ভাঙতে না পারলে দেশে আরও ভয়াবহ পরিস্থিতি তৈরি হবে। বিচারব্যবস্থার প্রতি মানুষের আস্থা কমে গেলে আইন নিজের হাতে তুলে নেওয়ার প্রবণতা বাড়তে পারে এবং খুলনা, চট্টগ্রাম ও ঢাকার বিভিন্ন ঘটনায় তার প্রতিফলন ইতোমধ্যে দেখা গেছে।
আসন্ন ঈদকে সামনে রেখে সড়ক ও গণপরিবহন ব্যবস্থার দুর্বলতা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে আসাদুজ্জামান ফুয়াদ বলেন, প্রতি বছর ঈদযাত্রায় শত শত মানুষ প্রাণ হারান এবং হাজারো মানুষ আহত হন। স্বাধীনতার পাঁচ দশক পরও নিরাপদ ও মানবিক পরিবহনব্যবস্থা নিশ্চিত করতে না পারা রাষ্ট্রের বড় ব্যর্থতা।
কোরবানির পশুর হাট, জবাই প্রক্রিয়া ও বর্জ্য ব্যবস্থাপনার আধুনিকায়নের দাবি জানিয়ে সংবাদ সম্মেলনে বলা হয়, পরিকল্পনাহীন পশু জবাই ও বর্জ্য অপসারণের কারণে প্রতি বছর পরিবেশদূষণ, জনদুর্ভোগ ও স্বাস্থ্যঝুঁকি তৈরি হয় এবং ইসলামের পরিচ্ছন্নতার চেতনাকে ধারণ করে আধুনিক ও পরিবেশবান্ধব কোরবানি ব্যবস্থাপনা গড়ে তুলতে সরকার ও সিটি করপোরেশনের কার্যকর উদ্যোগ প্রয়োজন।
সংবাদ সম্মেলনে ঝিনাইদহে এনসিপি নেতা নাসির উদ্দীন পাটোয়ারীর ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে বলা হয় যে, রাজনৈতিক মতপার্থক্য কখনোই হামলা বা রক্তাক্ত সংঘর্ষের পর্যায়ে যেতে পারে না এবং ভিন্নমত সহ্য করতে না পারা মূলত রাজনৈতিক দেউলিয়াত্বেরই বহিঃপ্রকাশ। বিরোধী দলের সমালোচনা গ্রহণ করার মানসিকতা সরকারের থাকতে হবে এবং একইসঙ্গে রাজনৈতিক সমালোচনার ভাষায় সংযম, ভদ্রতা ও সহনশীলতা বজায় রাখতে হবে।