Monday 25 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হামলা ও ডিম নিক্ষেপের ঘটনার বিবরণ দিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

সিনিয়র করেসপন্ডেন্ট
২৫ মে ২০২৬ ১১:০৮

এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। ছবি: সংগৃহীত

ঢাকা: ঝিনাইদহে পূর্বনির্ধারিত দলীয় কর্মসূচিতে অংশ নিতে গিয়ে নিজের ওপর হামলা ও ডিম নিক্ষেপের ঘটনার বিস্তারিত বিবরণ জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারী।

রোববার (২৪ মে) সন্ধ্যা ৬টা ১৮ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এই অভিযোগের কথা জনসমক্ষে তুলে ধরেন। তিনি বলেন, আমি নামাজ পড়তে গিয়েছিলাম এবং নামাজ শেষে সালাম ফিরিয়ে মসজিদ থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গেই আমার ওপর ডিম নিক্ষেপ করা হলো। সেই সময় আমার ওপর ইট-পাটকেল ছোড়া হলো এবং হকিস্টিক দিয়ে আঘাত করা হলো। আমার সঙ্গে থাকা ক্যামেরা, ব্যবহৃত মোবাইল ফোন এবং ব্যক্তিগত মানিব্যাগ ছিনিয়ে নেওয়া হয়েছে ।

বিজ্ঞাপন

ফেসবুক পোস্টে নাসীরুদ্দীন পাটওয়ারী আইনি প্রক্রিয়া ও পরবর্তী পরিস্থিতির বর্ণনা দিতে গিয়ে বলেন, এই ঘটনার পর আমি বিচারের আশায় স্থানীয় থানায় গিয়েছিলাম কিন্তু সেখানে ৮ ঘণ্টা বিদ্যুৎ সংযোগ বন্ধ রেখে রাতের অন্ধকারে হাজারো সন্ত্রাসী দিয়ে হামলার পরিবেশ তৈরি করা হলো। পরবর্তীতে হাসপাতাল থেকে স্ট্রোক করা বাবার পাশ থেকে তার সন্তানকে ঘুম থেকে তুলে নেওয়া হলো এবং যারা আমাকে হত্যার চেষ্টা করেছে শেষ পর্যন্ত তাদেরই জামিন দেওয়া হলো।

দেশের বিদ্যমান পরিস্থিতি নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করে তিনি বলেন, যদি এটাই হয় তোমাদের শাসনব্যবস্থা ও রাজনৈতিক পরিকল্পনা তবে সেখানে হয়তো ভেড়ার দল জায়গা খুঁজে পাবে কিন্তু আমার মতো স্বাধীনচেতা মানুষের পক্ষে সেই অন্যায় ও ভয়ের রাজনীতির সঙ্গে পথচলা কোনোভাবেই সম্ভব নয়। নিজের বক্তব্যের শেষ অংশে অয়ন নামের এক যুবকের মুক্তির দাবি জানিয়ে তিনি বলেন, অয়নকে দ্রুত ফেরত দিন তার বাবার পাশে।

সারাবাংলা/এফএন/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর