Saturday 30 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শহীদ জিয়ার আদর্শে দেশ গঠনের শপথ নেওয়ার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী

সিনিয়র করেসপন্ডেন্ট
৩০ মে ২০২৬ ১৪:২১ | আপডেট: ৩০ মে ২০২৬ ১৪:২২

– ছবি : সারাবাংলা

ঢাকা: প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রাজনীতি ছিল মানুষের পাশে দাঁড়ানো, মানুষকে সহযোগিতা করা এবং দেশ গঠন করা। শহীদ জিয়ার সেই আদর্শে দীক্ষিত হয়ে দেশ গঠনের কাজে নিজেকে নিয়োজিত করার শপথ নিতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে শনিবার (৩০ মে) দুপুরে রাজধানীর পল্লবীতে দুঃস্থদের মাঝে বস্ত্র ও খাবার বিতরণ অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান। ঢাকা মহানগর উত্তর বিএনপি এ অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে উপস্থিত জনতার উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, আসুন, আমরা অঙ্গীকার করি সমাজের সবাইকে বিভিন্নভাবে একে অপরের সাহায্য সহযোগিতা করবো। একজন নাগরিক হিসেবে যদি সবাই সবার নিজ নিজ অবস্থান থেকে একে অপরের প্রতি সহযোগিতা করি, তাহলেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের এই মৃত্যুবার্ষিকীতে তার প্রতি যথার্থ শ্রদ্ধা জ্ঞাপন করা হবে।

বিজ্ঞাপন

তিনি বলেন, আসুন আমরা আজকে সেই কাজটি করি। আমরা প্রত্যেকে যার যার অবস্থান থেকে চেষ্টা করি যারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে দেশ গঠনে কাজ করছে তাদেরকে সহযোগিতা করব।

প্রধানমন্ত্রী বলেন, যেহেতু আজকের এই অনুষ্ঠান রাস্তার মধ্যে আয়োজন করা হয়েছে, গাড়ি চলাচলে সমস্যা হচ্ছে এবং মানুষের কষ্ট হচ্ছে, সে জন্য আমরা প্রোগ্রামটি আর দীর্ঘ করবো না। ইনশাআল্লাহ সাংগঠনিক কার্যক্রমের বিষয়ে আরেকদিন সভা সমাবেশ করব। সেদিন আমরা বসে ভালো করে সংগঠনকে কীভাবে আরও শক্তিশালী করা যায়, তা নিয়ে আলাপ-আলোচনা করব।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন এবং সাবেক কাউন্সিলর আনোয়ারুজ্জামান।

রাজধানী উচ্চ বিদ্যালয়ের অনুষ্ঠানে বস্ত্র বিতরণের পর প্রধানমন্ত্রী তারেক রহমানের আজ দিনব্যাপী ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের ১৬টি স্পটে এ ধরনের কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে। বিএনপি প্রতিষ্ঠাতার এই শাহাদাতবার্ষিকীতে দেশের বিভিন্ন স্থানে নানা সামাজিক ও মানবিক কর্মসূচি গ্রহণ করা হয়েছে।