ঢাকা: জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান নির্বাচিত হওয়ায় তাকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
মঙ্গলবার (২ জুন) জাতিসংঘের সদরদফতরে অনুষ্ঠিত হাড্ডাহাড্ডি নির্বাচনে প্রতিদ্বন্দ্বী সাইপ্রাসের প্রার্থীকে হারিয়ে বিজয়ী হয়েছেন তিনি।
নির্বাচনে কাস্টিং হওয়া মোট ১৯০ ভোটের মধ্যে ড. খলিলুর রহমান ৯৯ ভোট পেয়ে গৌরবময় এই জয় নিশ্চিত করেন। এর মাধ্যমে তিনি দ্বিতীয় বাংলাদেশি হিসেবে বৈশ্বিক মঞ্চের অত্যন্ত মর্যাদাপূর্ণ এই পরিষদের সভাপতি নির্বাচিত হওয়ার ইতিহাস গড়লেন।
পররাষ্ট্রমন্ত্রীর এই অনন্য বিশ্বজয়ে এক বিশেষ বার্তায় প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন,‘ এই অসামান্য অর্জন আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ক্রমবর্ধমান অবদান এবং সুদৃঢ় সুনামেরই বহিঃপ্রকাশ। আমি গভীরভাবে বিশ্বাস করি যে, ড. খলিল অত্যন্ত গর্বের সঙ্গে বিশ্বমঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন এবং বহুপাক্ষিক ও যৌথ চ্যালেঞ্জগুলো মোকাবিলায় পারস্পরিক যোগাযোগ ও বৈশ্বিক কূটনীতিকে আরও শক্তিশালী করে তুলবেন।
গৌরবময় এই দায়িত্ব সফলভাবে সম্পন্ন করার জন্য প্রধানমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রীর সর্বাঙ্গীন সাফল্য ও দীর্ঘায়ু কামনা করেন।