ঢাকা: আগের অর্থবছরের তুলনায় চলতি অর্থবছরে বাজেট বাস্তবায়নের হার বেড়েছে। তবে বাড়লেও অর্থবছরের প্রথম ৯ মাসে (জুলাই ২০২৫-মার্চ ২০২৬) মূল বাজেটের মাত্র ৫২ শতাংশ বাস্তবায়িত হয়েছে। পূর্ববর্তী ২০২৪-২৫ অর্থবছরের একই সময়ে বাজেট বাস্তবায়নের হার ছিল মূল বাজেটের ৪৮ দশমিক ৫৭ শতাংশ। সে হিসাবে বাজেট বাস্তবাস্তবায়নের হার প্রায় ৪ শতাংশ বেড়েছে।
প্রসঙ্গত: বিদায়ী ২০২৪-২৫ অর্থবছরের মূল বাজেটের আকার ছিল ৭ লাখ ৯৭ হাজার কোটি টাকা। সংশোধিত বাজেটে এর আকার ৭ লাখ ৪৪ হাজার কোটি টাকা প্রাক্কলন করা হয়েছে। এর বিপরীতে নয় মাসে মোট ব্যয় দাঁড়িয়েছে ৩ লাখ ৮৭ হাজার ১২০ কোটি টাকা। গত ২০২৩-২৪ অর্থবছরের একই সময়ে মোট ব্যয়ের পরিমাণ ছিল ৩ লাখ ৩০ হাজার ৯৩৩ কোটি টাকা।
সম্প্রতি অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ বাজেট বাস্তবায়নের এ হিসাব চূড়ান্ত করেছে।
বাজেট উপাত্ত পর্যালোচনায় দেখা যায়, চলতি অর্থবছরের মূল বাজেটের আকার ধরা হয়েছে ৭ লাখ ৯০ হাজার কোটি টাকা। এর বিপরীতে ৯ মাসে মোট ব্যয় দাঁড়িয়েছে ৪ লাখ ৮ হাজার ৪২৬ কোটি টাকা।
বাজেট উপাত্ত অনুযায়ী, চলতি অর্থ বছরের বাজেটে সার্বিক ঘাটতি প্রাক্কলন করা হয়েছে ২ লাখ ২৬ হাজার ২৫ কোটি টাকা। এর বিপরীতে ৯ মাসে সার্বিক ঘাটতি দাড়িয়েছে ৭৭ হাজার ১৬৪ কোটি টাকা।
অর্থ বিভাগ-এর হিসাব মতে, আলোচ্য সময়ে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)-এর আওতাধীন মোট রাজস্ব আদায়ের পরিমাণ হচ্ছে ২ লাখ ৮৩ হাজার ৯১৯ কোটি টাকা। এটি অর্থবছরের মোট লক্ষ্যমাত্রার ৫৬ শতাংশ। প্রসঙ্গত: চলতি অর্থবছরের এনবিআর আওতাধীন রাজস্ব আদায়ের মোট লক্ষ্যমাত্রা হচ্ছে ৪ লাখ ৯৯ হাজার কোটি টাকা।
গত ২০২৪-২৫ অর্থবছরের প্রথম ৯ মাসে এনবিআর-এর আওতাধীন রাজস্ব আদায়ের পরিমাণ ছিল ২ লাখ ৫৫ হাজার ৮২ কোটি টাকা। এটি ছিল বার্ষিক লক্ষ্যমাত্রার ৫৩ দশমিক ১৪ শতাংশ। সে হিসাবে গত অর্থবছরের তুলনায় এবার আদায় বেড়েছে।
এদিকে বাজেট ঘাটতি অর্থায়নে চলতি অর্থবছরের ৯ মাসে অভ্যন্তরীণ ব্যাংক ব্যবস্থা থেকে ১ লাখ ২ হাজার ৪৪২ কোটি টাকা (গত বছর একই সময়ে নেওয়া হয়েছিল ৮৫ হাজার ২৯৮ কোটি টাকা) এবং বৈদেশিক উৎস থেকে ১৯ হাজার ৫৮০ কোটি টাকা (গত বছর একই সময়ে নেওয়া হয়েছিল ১৬ হাজার ২২৯ কোটি টাকা) ঋণ নিয়েছে সরকার। অন্যদিকে বহুল আলোচিত সঞ্চয়পত্র খাতে আলোচ্য সময়ে ২০ হাজার ২২৪ কোটি টাকা পরিশোধ করেছে সরকার।
অন্যান্যের মধ্যে অর্থবছরের ৯ মাসে দেশি-বিদেশি ঋণের সুদ বাবদ মোট পরিশোধ করা হয়েছে ৯৯ হাজার ৯০১ কোটি টাকা। এর মধ্যে অভ্যন্তরীণ ঋণের সুদ বাবদ ৮৪ হাজার ৫৩ কোটি টাকা এবং বৈদেশিক ঋণের সুদ বাবদ ১৫ হাজার ৮৪৮ কোটি টাকা পরিশোধ করা হয়েছে।
এছাড়া চলতি অর্থবছরের মূল বাজেটে বার্ষিক উন্নয়ন কর্মসূচী (এডিপি)-এর আকার ছিল ২ লাখ ৩০ হাজার কোটি টাকা। এর বিপরীতে ৯ মাসে মোট ব্যয় হয়েছে ৫৫ হাজার ৮৩২ কোটি টাকা। এডিপি বাস্তবায়নের হার হচ্ছে ২৪ শতাংশ। সে হিসাবে গত অর্থবছরের তুলনায় এবার এডিপি বাস্তবায়ন হার কমেছে। গত ২০২৪-২৫ অর্থবছরের একই সময়ে এডিপি বাস্তবায়ন হার ছিল মূল এডিপি’র প্রায় ২৬ শতাংশ।